রাজধানীতে আবারও ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এখন রাত ১১টা থেকে সকাল ছয়টা পর্যন্ত এসব ট্রাক রাজধানীতে চলাচল করতে পারবে। তবে বেঁধে দেওয়া এই সময়ের আগে বা পরে কেউ যদি ট্রাক ছাড়ে, তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।গতকাল বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে বাস-ট্রাক মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আগামী ২ আগস্ট থেকে আহূত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান লং ভেহিকেল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। প্রসঙ্গত, ১৫ জুলাই থেকে রাজধানীতে ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস ও ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক চলাচল নিষিদ্ধ করা হয়।জানতে চাইলে সড়ক ও রেলপথ বিভাগের সচিব মোজাম্মেল হক খান গতকাল প্রথম আলোকে বলেন, যানবাহনের অভাবে রমজান মাসে মালপত্র সরবরাহ করতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ঠিকমতো মালপত্র সরবরাহ করতে না পারলে বাজারে এর প্রভাব পড়াসহ বাজার অস্থিতিশীল হতে পারে। তিনি বলেন, রমজানের পর এ বিষয়ে একটি সভা করে পুনরায় সময়সূচি পরিবর্তন করা হবে। ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস চলাচল নিষিদ্ধের বিষয়ে সচিব বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।সূত্র জানায়, বৈঠকে পুরোনো বাস-মিনিবাস ও ট্রাকের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার জানান, দিনে বাস চলাচল বন্ধ রাখা হলেও মালিকেরা রাতে পুরোনো বাস চালান। এমনটা চলতে থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম বৈঠকে অভিযোগ করেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে থানার পুলিশ শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে, যা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে মামলা দিয়ে তাদের হয়রানি করা হয়। এটা বন্ধের জন্য উপস্থিত মালিক-শ্রমিকেরা অনুরোধ জানান। জানা গেছে, সভায় ২০ বছরের বেশি পুরোনো বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো মালবাহী মোটরযান রাজধানী থেকে অপসারণের জন্য ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত বহাল রাখা হয়।বৈঠকে উপস্থিত বিআরটিএর প্রতিনিধিদের অভিযান পরিচালনার সময় গাড়ির রেজিস্ট্রেশনের মেয়াদ, ফিটনেস, রুট পারমিট ছাড়া অন্যান্য ত্রুটি ছাড় দেওয়ার নির্দেশ দেওয়া হয়।মালিক-শ্রমিক প্রতিনিধিরা এ সময় অভিজ্ঞ ট্রাকচালকদের সহজশর্তে লাইসেন্স দেওয়ার অনুরোধ জানান। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে তাঁদের আশ্বাস দেন।যোগাযোগমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার ইফতেখার হায়দার, বিআরটিএর চেয়ারম্যান আইয়ুবুর রহমান, বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, ঢাকা জেলা ট্রাকশ্রমিক ইউনিয়নের সভাপতি ওসমান গনি প্রমুখ উপস্থিত ছিলেন।