রাজধানীতে ইভ টিজিংয়ের দায়ে শিক্ষকের এক বছরের কারাদণ্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ ইউনিটের ভর্তি পরীক্ষার হলে একজন ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে আজ শুক্রবার এক কলেজশিক্ষকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোহাম্মদ সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। জানা গেছে, সাইফুল ইসলাম ওই কলেজের ২১৪ নম্বর কক্ষে ইনভিজিলেটর ছিলেন। পরীক্ষা চলাকালে তিনি কক্ষের দরজার পাশে দ্বিতীয় সারিতে বসা একটি মেয়ের আশপাশে ঘুরছিলেন। একপর্যায়ে তিনি কাগজে নিজের নাম ও মোবাইল নম্বর লিখে ওই পরীক্ষার্থীকে দেন এবং মেয়েটিকে নিজের নাম ও মোবাইল নম্বর লিখে দিতে বলেন। পরীক্ষা শেষে ওই মেয়ে কয়েকজন শিক্ষিকাকে বিষয়টি জানান। তাঁরা তাঁকে কলেজের অধ্যক্ষের কাছে নিয়ে যান। অধ্যক্ষ লিখিত অভিযোগ করার জন্য মেয়েটিকে বললে তিনি লিখিত অভিযোগ করেন।মেয়েটি লিখিত অভিযোগে জানান, শিক্ষকের উত্ত্যক্তের কারণে তিনি ভালোভাবে পরীক্ষা দিতে পারেননি। পরে ভ্রাম্যমাণ আদালত আসেন। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমিন বাদী-বিবাদী ও সাক্ষীর বক্তব্য শুনে সাইফুল ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।ওই শিক্ষকের সহকর্মী ও পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ফারজানা ফয়েজ সাক্ষ্য দিতে গিয়ে বলেন, তিনি ওই সারির আশপাশে ছিলেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা বানু বলেন, ‘আগেও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে। সে অভিযোগ তদন্তাধীন আছে।’