রাজধানীতে এক ব্যক্তির লাশ উদ্ধার
রাজধানীর মিরপুরে বাগবাড়ি সংলগ্ন তুরাগ নদীর তীর থেকে মজিবর রহমান (৪৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দারুস সালাম থানা পুলিশ। নিহত মজিবর বাসস্ট্যান্ডের লাইনম্যান ছিলেন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। নিহতের পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।নিহতের পরিবারের অভিযোগ, দারুস সালাম থানা পুলিশ তাঁকে বাসা থেকে ধরে নিয়ে যায় এবং দাবি করা টাকা না পাওয়ায় পিটিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। নিহত মজিবরের ভাই রিপন সাংবাদিকদের জানান, পাঁচজন পুলিশ মজিবরকে গতকাল সন্ধ্যায় মিরপুর থানার পেছনের বড়বাগের বাসা থেকে ধরে নিয়ে যায়। তারপর রাতে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে নদীর তীরে তাঁর লাশ পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।রিপনের দাবি, গত সপ্তাহেও দারুস সালাম থানার পুলিশ মজিবরকে বাসা থেকে ধরে নিয়ে ২০ হাজার টাকা দাবি করে। পরে কাছে থাকা সাত হাজার টাকা দিয়ে মজিবর সে দিন ছাড়া পান। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোক্তার হোসেনের দাবি, পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় মহিবুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।