রাজধানীতে এক ভবনে ২৯ লাখ টাকার পানি চুরি
ঢাকা ওয়াসার একটি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুর এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে প্রায় ২৯ লাখ টাকার পানি চুরির ঘটনা উদঘাটন করেছেন। গতকাল মঙ্গলবার ঢাকা ওয়াসার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কাজী ওয়াছিউদ্দিনের নেতৃত্বে মিরপুর ১৪ নম্বর সেকশনের এম-২ ভবনে এই অভিযান চালানো হয়। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওয়াসা এ কথা জানায়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ভবনে ২০০৪ সালের ২০ জুলাই থেকে দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ধরে পানি চুরির ঘটনা ঘটে। ওয়াসার রাজস্ব পরিদর্শক ও বিল সহকারীদের যোগসাজশে এই ভবনের মিটারটি উল্টোভাবে লাগিয়ে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে।এই সময়ের (৭৪ মাস) মোট বিল ৩২ লাখ টাকার বেশি হলেও বাড়ির মালিক ওয়াসাকে মাত্র তিন লাখ ৮১ হাজার টাকা পরিশোধ করেছেন। ওয়াসার ভ্রাম্যমাণ আদালত মিরপুরের এই বাড়ির মালিক ওমর ফারুকের কাছ থেকে এক লাখ ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ছয় বছরের অনাদায়ী বিল বাবদ ২৮ লাখ ৭৪ হাজার ৮০৯ টাকার একটি চেক আদায় করেন।ফারুকের মালিকানাধীন এই বাণিজ্যিক ভবনের আটটি ফ্লোরে তৈরি পোশাকশিল্পের কারখানা রয়েছে। তিনি প্রত্যেক ভাড়াটের কাছ থেকে নিয়মিতভাবে পানির বিল বাবদ ছয় বছরে প্রায় ৩৩ লাখ টাকা আদায় করলেও ওয়াসার বিলের নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করেননি।ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বকেয়া পানির বিল আদায়ে নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালাচ্ছে।