রাজধানীতে এক শিক্ষিকা নিহত কলেজছাত্রী আহত
রাজধানীতে পৃথক দুর্ঘটনায় গতকাল রোববার দুজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের চাকা ফাটার শব্দে আতঙ্কিত হয়ে সড়ক বিভাজকের কাঁটাতারের ওপর পড়ে স্কুলশিক্ষিকা তাসলিমা আক্তার (২৫) এবং শাহজাদপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় মো. বকুল নিহত হন।এদিকে সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজের এক ছাত্রী বাসের ধাক্কায় গুরুতর আহত হন।শাহবাগ থানার পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে প্রেসক্লাবের সামনে মিডওয়ে পরিবহনের একটি বাসের চাকা ফেটে যায়। তখন আতঙ্কিত হয়ে ছুটে রাস্তার সড়ক বিভাজকের কাঁটাতারের ওপর পড়ে যান তাসলিমা। এতে তাঁর গলায় গভীর ক্ষত হয়, মাথায়ও আঘাত পান। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।তাসলিমার স্বামীর নাম রেজাউল ইসলাম। তাসলিমা গুলশানের সি ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতার পাশাপাশি ডেসটিনি গ্রুপেও কাজ করতেন। তাঁর বাসা ১৫৭/বি খিলগাঁও চৌধুরীপাড়ায়। তাঁদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে।শাহজাদপুর বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় নির্মাণশ্রমিক মো. বকুলের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তা পারাপারের সময় অনাবিল পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এরপর বেলা পৌনে ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বকুলের বাবার নাম ওসমান গনি। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জের কাজীপুরে। তিনি বাড্ডার ভাটারা মোড় নতুন বাজারে ভাড়া থাকতেন।গুলশান থানার পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা বাস আটক করেনি।এদিকে সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন সিটি কলেজের মার্কেটিং বিভাগের ছাত্রী সাবেকুন্নাহার। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে সিটি কলেজের সামনেই সেফটি পরিবহনের একটি মিনিবাস তাঁকে ধাক্কা দেয়। পরে পথচারী ও শিক্ষার্থীরা সেফটি পরিবহনের মিনিবাসটি ভাঙচুর করেন। ধানমন্ডি থানার পুলিশ জানায়, আহত ছাত্রীকে প্রথমে ল্যাবএইড হাসপাতাল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। মিনিবাসটি আটক করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন।আহত ব্যক্তির মৃত্যুএদিকে গত শনিবার রাতে দারুস সালাম থানাধীন গাবতলীতে বাসের চাপায় আহত অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে মারা যান। দারুস সালাম থানার উপপরিদর্শক ইয়াসিন আলী জানান, গত শনিবার রাতে অজ্ঞাতনামা একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর আহতাবস্থায় তাঁকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হলে গতকাল দুপুরে তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিকভাবে অসুস্থ ছিলেন।