জমি নিয়ে বিরোধের জের ধরে রাজধানীর খিলগাঁওয়ে আজ মঙ্গলবার মোহাম্মদ সালাউদ্দিন (৪৫) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত সালাউদ্দিনের শ্যালক জাহীদ হোসেন জানান, সালাউদ্দিনের বাসা খিলগাঁওয়ের ত্রিমোহনী এলাকার বেপারি বাড়িতে। তাঁর বাবার নাম শহীদুল্লাহ বেপারি। সালাউদ্দিন স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে ওই বাড়িতেই থাকতেন।জাহীদ হোসেন দাবি করেন, ওই বাসার উত্তর দিকে সালাউদ্দিন পৈতৃক সূত্রে কিছু জমি পেয়েছিলেন। গতকাল সোমবার সকাল সাতটার দিকে তিনি ওই জমি ভরাট করছিলেন। এ সময় সালাউদ্দিনের ভাগনে খলিল, জলিল ও শুক্কুর বাধা দেয়। সময় স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ঠিক করা হয়, আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় সালাউদ্দিনের বড় ভাই আজাহারের বাসায় মীমাংসা বৈঠক হবে। সে অনুযায়ী আজ সকালে আজাহারের বাসায় পারিবারিক বৈঠক শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হলে তিন ভাগনে সালাউদ্দিনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ১২টার দিকে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আসলাম মিয়ার কাছে জানতে চাইলে বলেন, তিনি বিষয়টি জানেন না। তবে ঘটনার সত্যতা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হবে।