রাজধানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এ মাসেই
দেশের বৃহত্তম পিপিপি-ভিত্তিক প্রকল্প ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ এ মাসেই শুরু হচ্ছে। এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ সরকারের মেয়াদকালেই শেষ হবে বলেও জানা গেছে।প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা মহানগরের যানজট অনেকাংশে হ্রাস পাবে।এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরুর লক্ষ্যে আজ বৃহস্পতিবার প্রকল্পের সাইট পরিদর্শনকালে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন এ কথা বলেন।মন্ত্রী বলেন, এক্সপ্রেসওয়েটি পরে উত্তর দিকে জয়দেবপুর চৌরাস্তা এবং দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হবে, যা একদিকে কাঁচপুর সেতু অন্যদিকে মাওয়ার নিকটবর্তী প্রস্তাবিত পদ্মা সেতুকে সংযুক্ত করবে। প্রকল্পটি ঢাকা মহানগরের উত্তরাংশের সঙ্গে মধ্যবর্তী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাংশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোকে সংযুক্ত করবে। পরিদর্শন শেষে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, সরকার ঢাকা মহানগরের যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভার, মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার ও বনানী রেলক্রসিংয়ে ওভারপাস এবং কুড়িল ফ্লাইওভার নির্মাণকাজ চলমান রয়েছে। শিগগিরই শুরু হবে মেট্রোরেল এবং বাস র্যাপিড ট্রানজিটের কাজ। এ ছাড়া মহানগরে প্রবেশপথগুলো চার থেকে আট লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা মহানগর যানজটমুক্ত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।এ সময় এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবদুল ওয়াদুদ, যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া, বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে সরকারের সঙ্গে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালী-মগবাজার-কমলাপুর-যাত্রাবাড়ী হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত দুটি লিংকসহ এক্সপ্রেসওয়েটি হবে প্রায় ২৬ কিলোমিটার এবং ঘূর্ণায়মান পথসহ হবে ৩২ কিলোমিটার দীর্ঘ। এর একটি লিংক থাকবে হোটেল সোনারগাঁওয়ের পেছনে, অন্যটি থাকবে তেজগাঁও সাতরাস্তা হয়ে ফার্মগেট পর্যন্ত। বক্স-গার্ডারে নির্মিতব্য এক্সপ্রেসওয়েটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে আট হাজার ৭০৩ কোটি টাকা। এতে মোট বিনিয়োগের ২৭ শতাংশ দেবে সরকার। নির্মাণকাল ও অপারেটিং পর্যায়—দুই ধাপে সরকারের অংশ দেওয়া হবে। অবশিষ্ট অর্থ দেবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান। নির্মাণ শেষ হলে চুক্তি অনুযায়ী এক্সপ্রেসওয়েটি নির্দিষ্ট সময়কালের পরে সরকারের কাছে হস্তান্তর করা হবে। বাসস।