রাজধানীতে ওলামা মাশায়েখ পরিষদের মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ক্ষেত্রে আপত্তি জানিয়ে রাজধানীতে গণমিছিল করেছে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ। আজ শুক্রবার জুমার নামাজের পর মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়ে শান্তিনগরে গিয়ে শেষ হয়। টুইন টাওয়ারের সামনে পুলিশের ব্যারিকেডের কারণে মিছিলটি সামনে এগোতে না পেরে সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে বেশির ভাগই জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ছিল। সমাবেশে সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ নেজামী বলেন, সরকার সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস তুলে দিয়ে ধর্মনিরপেক্ষ কুফরি মতবাদ সংযোজন করেছে। দেশের জনগণ তা মানে না। সমাবেশে অন্যান্যের মধ্যে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মহিউদ্দিন রব্বানী, নির্বাহী কমিটির সদস্য যায়নুল আবেদিন, নগর কমিটির সভাপতি আহমদ আলী বক্তব্য দেন। মহিউদ্দিন রব্বানী বলেন, সরকারকে কিছু নাস্তিক, মুরতাদ ও বামপন্থীরা ভুল পথে পরিচালিত করছে। তিনি ১০ ও ১১ জুলাই ৩০ ঘণ্টার হরতালকে শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানান।যায়নুল আবেদিন বলেন, বর্তমান সরকার সংবিধান থেকে আল্লাহ ও ইসলামকে নির্মূল করেছে। যত দিন এটা আবার সংবিধানে পুনঃস্থাপিত না হবে তত দিন আন্দোলন চলবে। এ গণমিছিল কর্মসূচি উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদের চারপাশ ও পুরানা পল্টনসহ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকামী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য অবস্থান নেন।