রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে আজ বুধবার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন শুরু হয়েছে। আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।হরতালে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক রাখা হয়েছে।রাজধানীর প্রধান সড়কগুলোতে চলাচল করছে বিপুলসংখ্যক রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা। এ ছাড়া স্বাভাবিক কর্মব্যস্ত দিনের তুলনায় কমসংখ্যক বাস ও কিছু প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও বাড়ছে।আজ রাজধানীতে তেমন কোনো সহিংস পিকেটিং লক্ষ করা যায়নি। তবে বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল করেছেন। কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, পুলিশের সঙ্গে হরতাল-সমর্থকদের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর পাওয়া গেছে। গতকালের মতো আজও বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রায় নেতা-কর্মীশূন্য।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে এ হরতাল ডাকা হয়েছে। পয়লা বৈশাখে আদিবাসীদের বৈসাবি, বিজু ও সাংগ্রাই উত্সব উপলক্ষে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি হরতালের আওতামুক্ত রয়েছে।নয়াপল্টন: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান গতকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের উপস্থিতি নেই বললেই চলে।রাজধানীর বিভিন্ন এলাকার পরিস্থিতিবিজয়নগর: সকাল ছয়টার দিকে বিজয়নগরে মিছিল বের করার চেষ্টা করেন হরতাল-সমর্থকেরা। সেখান থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।মিরপুর: সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর আয়ুর্বেদিক কলেজ ও আহছানিয়া মিশন ক্যানসার হাসপাতালের সামনে একটি করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গেলে পিকেটাররা পালিয়ে যান।খিলক্ষেত: সকাল সাড়ে সাতটার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডের কাছে পিকেটিং করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশ।যাত্রাবাড়ী: যাত্রাবাড়ীতে সকালের দিকে হরতালের সমর্থনে মিছিল বের করে জামায়াত-শিবির। পুলিশ বাধা দিলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ডেমরা: ডেমরার রায়েরবাগে সকালে মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবির। পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন জানিয়েছেন, টহল পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।খিলগাঁও: সকাল সোয়া নয়টার দিকে খিলগাঁও বাসস্ট্যান্ডের কাছে হরতালের সমর্থনে যুবদলের একটি মিছিল বের হয়। এ সময় দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরিত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হরতাল-সমর্থকদের ধাওয়া দেয়। সেখান থেকে দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।