রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গুলিবিদ্ধ ১ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফার্মগেট ও কমলাপুরে ককটেল বিস্ফোরণ এবং আসাদগেটে একজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে পুলিশ।দুপুর পৌনে ১২টার দিকে মোহাম্মদপুরের আসাদগেটে জামায়ত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। হরতালকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় একজন গুলিবদ্ধ হন। পুলিশের তেজগাঁও জোনের উপকমিশনার (ডিসি) চৌধুরী মঞ্জুরুল কবির জানান, আহত ব্যক্তি জামায়াত-শিবিরের কর্মী। তাঁর নাম-পরিচয় জানা যায়নি। তাঁকে চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ফার্মগেটের ইন্দিরা রোড এলাকায় তেজগাঁও কলেজের সামনে সকাল সোয়া সাতটার দিকে একটি মিছিল বের করেন শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ছোড়েন। পুলিশও পাল্টা রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে শিবিরের ১০ জন কর্মীকে আটক করেছে পুলিশ। চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনগণের জানমাল রক্ষায় পুলিশ পাল্টা হামলা চালিয়েছে। আহত শিবিরকর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।সকাল পৌনে নয়টার দিয়ে কমলাপুর বাজার এলাকায় একটি মিছিল বের করেন জামায়ত-শিবিরের কর্মীরা। সেখানে একটি ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। তবে পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তাঁরা পালিয়ে যান। ঘটনাস্থলে গিয়ে চার-পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।এদিকে, জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আজ রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছে আওয়ামী লীগ।সকাল আটটার দিকে মিরপুর, কারওয়ান বাজার, শেওড়াপাড়া, গাবতলীসহ ঢাকার কয়েকটি জায়গায় মিছিল বের করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে এ সময় তাঁদের সঙ্গে কোনো দলীয় ব্যানার ছিল না। এদিকে, কারওয়ান বাজারের পান্থপথ মোড়ে জড়ো হয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। আশপাশের এলাকাগুলোতে তাঁদের একটি মিছিল প্রদক্ষিণ করছে। রাজধানীতে সকাল থেকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। তবে রিকশা ও অটোরিকশার চলাচল ছিল চোখে পড়ার মতো। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় রাজধানীর প্রধান প্রধান সড়কের মোড়ে পুলিশের পাশাপাশি র্যাবের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন রয়েছেন।বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দলটির নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার রায় ঘোষণার তারিখ প্রকাশের পরই গতকাল বুধবার এ হরতালের ঘোষণা দেয় জামায়াত। এদিকে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন দল ও সংগঠন এ হরতাল প্রত্যাখ্যান করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। এর আগে ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে রায়ের দিনও হরতাল দিয়েছিল জামায়াত।বাস চালানোর ঘোষণা: হরতাল প্রত্যাখ্যান করে বাস চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। হরতাল ঘোষণার পরপরই গতকাল সমিতির নেতারা বৈঠকে বসে ঢাকা ও শহরতলি এলাকায় বাস চালানোর সিদ্ধান্ত নেন। গতকাল বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এ ছাড়া, আজও রাজপথে হরতালবিরোধী অবস্থানে থাকার কথা বলেছে আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।