রাজধানীতে ককটেল হামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত
রাজধানীর বাড্ডা এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ককটেল হামলায় মামুন হোসেন (৪০) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন। নিহতের পারিবারিক সূত্র জানিয়েছে, মামুন গ্যারেজ ব্যবসার পাশাপাশি বালুর ব্যবসা করতেন। তিনি পরিবারের সঙ্গে মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় থাকতেন। তিনি আনন্দনগর ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলে জানা গেছে।সূত্র জানায়, আজ বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা তাঁকে লক্ষ্য করে ককটেল ছুড়ে মারে। ককটেলটির বিস্ফোরণ ঘটলে মামুন গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।নিহতের ভাই মোহাম্মদ সুমন সাংবাদিকদের বলেন, ‘মামুনের সঙ্গে স্থানীয় কয়েকজনের সঙ্গে বালুর ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে মামুনকে হত্যা করা হতে পারে।’বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা তদন্তের পাশাপাশি ককটেল নিক্ষেপকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’