রাজধানীতে কড়া নিরাপত্তা, যানবাহন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিন আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। তবে অন্যান্য হরতালের তুলনায় আজ রাস্তায় যানবাহন কম।রাজধানীর প্রধান সড়কগুলোতে পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। পুলিশের সাঁজোয়া যানও রাজপথে নিয়মিত টহল দিচ্ছে। গতকাল রোববার রাতে হরতালের কারণে নিরাপত্তা দিতে পুলিশ-র্যাবের পাশাপাশি রাস্তায় নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রাতে ঢাকায় বিজিবির ৪০টি দল টহল দিতে শুরু করে।এদিকে, হরতালে আতঙ্ক ছড়াতে গতকাল দুপুর থেকেই শুরু হয় যানবাহনে অগ্নিসংযোগ। রাজধানীর বিভিন্ন জায়গায় ১৫টি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এসব কারণে আজ গাড়ি চলাচল কিছুটা কম। সাম্প্রতিক অন্যান্য হরতালের তুলনায় আজ গাড়ি চলাচল কিছুটা কম। বাসগুলোতে যাত্রীর সংখ্যা কম। তবে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা চলাচল করছে।বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল আজ সোমবার শুরু হয়েছে। সকাল ছয়টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে বুধবার সকাল ছয়টা পর্যন্ত। বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেছেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পর সরকার পতনের এক দফার আন্দোলনের জন্য নতুন করে কর্মসূচি দেওয়া হবে। ১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতর থেকে দলের ১৫৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতাল দেওয়া হয়। পরদিন তিন নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে পুলিশ ছেড়ে দিলেও অন্যরা কারাবন্দী থাকায় হরতাল প্রত্যাহার করেনি জোট।