রাজধানীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু, আটক ১
রাজধানীর মালিবাগে একটি মেসে তারিনা শিরিন ওরফে জেনি (১৮) নামের একজন কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে মেস থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনাটি রহস্যজনক হওয়ায় হাসপাতাল ক্যাম্পের পুলিশ শিরিনকে হাসপাতালে নিয়ে আসা মেসের পরিচালক সাহেলা বেগমকে (৪৫) আটক করেছে। শিরিন সিদ্ধেশরী কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ছয়টার দিকে ১২ নম্বর পশ্চিম মালিবাগের ভবনটির দোতলার ওই মেস থেকে সালেহা শিরিনকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। সালেহা শিরিনের অসুস্থতার ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দিতে থাকেন। তখন হাসপাতাল ক্যাম্পের পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।সালেহা পুলিশকে জানান, ভবনটির দোতলায় দুটি কক্ষে মেস বানিয়ে ছয়জন মেয়ে থাকে। পাশের কক্ষে পরিবারসহ তিনি থাকেন এবং মেসটি পরিচালনা করেন। প্রতিদিনের মতো গতকাল রাতেও শিরিন ও তাঁর রুমমেট তানিশা খাওয়ার পর ঘুমান। আজ সকালে ঘুম থেকে জেগে দেখেন তাঁরা অচেতন হয়ে পড়ে আছেন। তিনি শিরিনকে হাসপাতালে নিয়ে আসেন এবং তানিশাকে ফ্ল্যাটের অন্যরা স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেছে। তবে তিনি তাঁর খবর জানেন না।হাসপাতাল ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, আটক সালেহা বেগমের কথাবার্তা সন্দেহজনক। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। পরে শাহবাগ থানায় পাঠানো হবে।