রাজধানীতে কলেজছাত্রীর লাশ উদ্ধার
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকার একটি বাসা থেকে গতকাল শনিবার রাতে জান্নাতুল ফেরদৌস ওরফে নোভা (১৭) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।ক্যান্টনমেন্ট থানা সূত্র জানায়, নোভা বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর মানবিক শাখার ছাত্রী। গতকাল সন্ধ্যায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ নোভাদের মানিকদীর বাসায় যায়। নোভার পড়ার ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নোভা ঝুলছে। পরে সিলিং ফ্যান থেকে নামিয়ে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।নোভার বাবা মমিনুল ইসলাম জানান, তিনি চলচ্চিত্রের ব্যবসার সঙ্গে জড়িত। নোভা ঠিকমতো কলেজে না যাওয়ায় এবং পড়ালেখা না করায় তাঁকে তিনি বকুনি দেন। গতকাল বিকেলে সবার অজান্তে পড়ার ঘরের দরজা বন্ধ করে। সন্ধ্যার পরও দরজা না খোলায় তাঁদের সন্দেহ হয়। তখন পুলিশে খবর দেওয়া হয়।নোভার বাবা জানান, তাঁর দুই মেয়ে। এর মধ্যে নোভা ছোট। তাঁর স্ত্রী রেহানা পারভীন যুক্তরাজ্যপ্রবাসী।মামলার তদন্তকারী কর্মকর্তা ও ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।