রাজধানীতে কাঁচা মরিচের দাম হঠাৎ দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ আগেও রাজধানীর কাঁচাবাজারগুলোতে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি। কিন্তু এখন তা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি। এক সপ্তাহে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে অন্তত ১০০ টাকা।তবে সবজির দাম আর খুব একটা বাড়েনি। ব্যতিক্রম কেবল টমেটোর দাম, কিছুটা বেড়েছে। গত শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রতি কেজি টমেটো ৭০, ঢ্যাঁড়স ও করলা ৬০, বেগুন মানভেদে ৪০ থেকে ৫০, চিচিঙ্গা, বরবটি, শসা ও ঝিঙে ৫০, পটোল ও ধুন্দল ৪০ থেকে ৪৫, কচুমুখী ৩৫ এবং পেঁপে ও জালি কুমড়া ২০ টাকায় বিক্রি হয়। শীতের সবজি শিম ৭০, ফুলকপি ৫০ থেকে ৬০ ও বাঁধাকপি বিক্রি হয় ৪০ থেকে ৫০ টাকায়।একই বাজারে গতকাল শনিবার ঘুরে দেখা যায়, টমেটোর দাম কিছুটা বেড়ে হয়েছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। মানভেদে বেগুন বিক্রি হয়েছে ৩০ থেকে ৫০, ঢ্যাঁড়স ৪০, করলা ৩৫ থেকে ৪০, উচ্ছে ৪০, পটোল ৩০, কচুমুখী ২৫ থেকে ৩০, পেঁপে ১৬, ধুন্দল ২৫ থেকে ৩০, চিচিঙ্গা ৪০ ও কচুর লতি ২৫ থেকে ৩০ টাকায় পাওয়া যাচ্ছে। মাঝারি আকারের লাউ পাওয়া যাচ্ছে প্রতিটি ৩০ টাকায়। আর মাঝারি আকারের কিন্তু দেখতে সুন্দর এমন লাউ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। কারওয়ান বাজারের সবজিবিক্রেতা মো. জাকারিয়া হোসেন গতকাল ১০০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি করছিলেন ২০ টাকায়। দাম এত বেশি কেন—জানতে চাইলে তিনি বলেন, ‘তিন-চার দিন আগে আমিও ৮০ টাকা কেজি মরিচ বেচছি। তখন মরিচের আমদানি বেশি ছিল, তাই দামও কম ছিল। এখন আমদানিও কম, দামও কম।’আড়তদারেরাও জানালেন একই কথা। এ সময়টায় দেশীয় কাঁচা মরিচের পরিমাণ কম থাকে। সে কারণে ভারত থেকে আমদানি করে মরিচের চাহিদা পূরণ করতে হয়। একই অবস্থা টমেটোরও। শীতের আগমুহূর্তে টমেটোর চাহিদার বেশির ভাগই পূরণ হয় ভারত থেকে আমদানি করে। কিন্তু চার-পাঁচ দিন ধরে ভারত থেকে কাঁচা মরিচ ও টমেটো আমদানি পুরোপুরি বন্ধ আছে। সে কারণে দামও চড়া।একজন মরিচ ব্যবসায়ী বলেন, এখন বাজারে যেসব মরিচ পাওয়া যাচ্ছে, সেগুলো রাজশাহী আর খুলনা অঞ্চলের। গত কয়েক দিন পূজার কারণে সেখানে ট্রাকসংকট ছিল। সে কারণে ঢাকায় মরিচ কম এসেছে।সবজির আড়তে খোঁজ নিয়ে জানা যায়, গতকাল এক পাল্লা (পাঁচ কেজি) মরিচ বিক্রি হয়েছে ৮৭০ টাকায়। সে হিসাবে প্রতি কেজি মরিচের পাইকারি মূল্য ছিল ১৭৪ টাকা। আড়তে প্রতি কেজি শিম ৫০, কচুমুখী ২২, ধুন্দল ১৬, চিচিঙ্গা ৩৫, পটোল ও ঢ্যাঁড়স ২৫, টমেটো ৬৫ থেকে ৭০, লাউ প্রতিটি ৪০ টাকায় বিক্রি হয়েছে।আবার কারওয়ান বাজারের এসব সবজিই হাতিরপুল কিংবা নিউমার্কেটের বনলতা মার্কেট কাঁচাবাজারে বিক্রি হচ্ছে ৫ থেকে ১০ টাকা বেশি দামে। ওই দুই কাঁচাবাজারে গতকাল টমেটো ৮০ থেকে ৯০, বেগুন মানভেদে ৩৫ থেকে ৫৫, ঢ্যাঁড়স ৪০ থেকে ৪৫, করলা ৪০ থেকে ৪৫, পটোল ৪০, কচুমুখী ৩০, পেঁপে ১৬ থেকে ২০, ধুন্দল ৩০ থেকে ৩৫, চিচিঙ্গা ৪৫ ও কচুর লতি ৩০ টাকায় বিক্রি হয়। মানভেদে লাউ পাওয়া যাচ্ছে প্রতিটি ৪০ থেকে ৬০ টাকায়।