রাজধানীতে ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতি
পুরান ঢাকার বংশাল মোড়ে আজ বুধবার রাতে ক্রেতা সেজে ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে একটি সোনার দোকান লুট করেছে। এ সময় ডাকাতদের ছোড়া বোমার বিস্ফোরণে পথচারী গাজী মোহাম্মদ সালাউদ্দিন (৪৫) ও আশরাফউদ্দিন (২২) আহত হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আজ রাত আটটার দিকে তিন ব্যক্তি বংশালের ১০৩ কাজী আলাউদ্দিন রোডে ‘নিউ জোনাকি জুয়েলার্সে’ ঢোকে। তারা ক্রেতা সেজে স্বর্ণালংকার দেখে। একপর্যায়ে তারা অস্ত্র বের করে দোকানের কর্মচারীদের জিম্মি করে স্বর্ণালংকার লুট করে। ডাকাতেরা চলে যাওয়ার সময় ওই দোকানের কর্মচারীরা চিত্কার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসার চেষ্টা করেন। কিন্তু এ সময় ডাকাতেরা তাঁদের ওপর বোমা ছুড়ে পালিয়ে যায়। এতে দুজন আহত হন। এ বিষয়ে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ডাকাতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।