রাজধানীতে ক্লিনিকের মালিক ও ভুয়া দুই চিকিৎসকের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য অধিদপ্তর থেকে লাইসেন্স না নিয়ে ক্লিনিক পরিচালনা ও রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে আজ বুধবার র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের মা-মনি জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক ও মালিককে কারাদণ্ড দিয়েছেন।র‌্যাব সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত ২১/১৮ মোহাম্মদপুর বাবর রোডের বি ব্লকে অবস্থিত মা-মনি জেনারেল হাসপাতালে অভিযান চালান। প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে সনদ না থাকায় এবং রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে প্রতিষ্ঠানের ভুয়া চিকিৎসক আকরাম হোসেনকে এক বছর, আরেক ভুয়া চিকিৎসক এম এ সবুরকে ছয় মাসের এবং প্রতিষ্ঠানের মালিকানায় অংশীদার ওসমান গণিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।উচ্চমাধ্যমিক পাস আকরাম হোসেন ও পল্লি চিকিত্সক এম এ সবুর দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছিলেন।ওই হাসপাতালে চিকিৎসাধীন রোগী শিশু নাজিমের মা নাসিমা বেগম জানান, তাঁর ছেলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে ডান পায়ে আঘাত পায়। নাজিমকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে ভালো চিকিৎসার কথা বলে এখানে ভর্তি করা হয়। তিনি বলেন, তিন মাস ধরে তাঁর ছেলের চিকিৎসা বাবদ হাসপাতাল কর্তৃপক্ষকে ৪২ হাজার টাকা দেওয়া হয়েছে।ওই প্রতিষ্ঠানের ভুয়া চিকিৎসক এম এ সবুর জানান, বিভিন্ন হাসপাতাল থেকে রোগীদের এখানে এনে দিতে পারলে দালালকে ২৫ থেকে ৩০ শতাংশ টাকা দেওয়া হয়।আরেক ভুয়া চিকিৎসক আকরাম হোসেন জানান, তিনি উচ্চমাধ্যমিক পাস করার পর বিভিন্ন চিকিৎসকের সান্নিধ্যে থাকায় চিকিৎসা-বিদ্যায় পারদর্শী হন। ২২ বছর ধরে রোগীদের চিকিৎসা ও অস্ত্রোপচার করে আসছেন বলে তিনি আদালতের কাছে স্বীকার করেন।র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম আনোয়ার পাশার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় র‌্যাব-৪-এর একটি দল ও স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক উপস্থিত ছিলেন।