রাজধানীতে গতকালের সহিংসতায় ১১ মামলা
হরতালের আগের দিন গতকাল শনিবার রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও ১১টি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিভিন্ন থানায় ১১টি মামলা হয়েছে। সব কটি মামলার বাদী পুলিশ। এসব মামলায় অজ্ঞাত লোকজনকে আসামি করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার খান মো. মাসুদুর রহমান (গণমাধ্যম শাখা) প্রথম আলো ডটকমকে আজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল মধ্যরাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত রমনা, নিউমার্কেট, লালবাগ, কোতোয়ালি, সবুজবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল, মিরপুর, কাফরুল, গুলশান ও বনানী থানায় মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে রমনা থানায় দুটি এবং অন্য থানাগুলোতে একটি করে মামলা হয়েছে। কোতোয়ালি ও সবুজবাগে দুটি মামলা হয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে। কাফরুলে করা মামলাটি হয়েছে দ্রুতবিচার আইনে। বাকিগুলো দণ্ডবিধি আইনের বিভিন্ন ধারায় করা হয়েছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। হরতালের আগের দিন গতকাল বিকেল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন ও কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।