রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও এলাকায় আজ মঙ্গলবার সকালে নিয়াজুল ইসলাম (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর হোসেন খান এ খবর নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, নিয়াজুলের বাবার নাম রফিকুল ইসলাম। খিলগাঁওয়ের বাগানবাড়ির বটতলা এলাকার তাঁদের বাড়ি। গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজারে।নিয়াজুলের পারিবারিক সূত্র জানিয়েছে, আজ সকাল ১০টার দিকে নিজেদের পিকআপ গাড়ি ভাড়াসংক্রান্ত বিষয়ে আলোচনা জন্য খিলগাঁওয়ের সিপাহীবাগ যাওয়ার কথা বলে নিয়াজুল বাড়ি থেকে বের হয়। এর আধঘণ্টা পর খিলগাঁও পুলিশ তাঁর ভাই শরিফুল ইসলামকে ফোন করে নিয়াজুলের গুলিবিদ্ধ হওয়ার খবর জানায়। পুলিশ ও পরিবারের লোকজন গুলিবিদ্ধ নিয়াজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। বেলা সোয়া একটায় কর্তব্যরত চিকিত্সক নিয়াজুলকে মৃত ঘোষণা করেন। চিকিত্সক ও পুলিশ জানিয়েছে, নিয়াজুলের বুকের বাঁ-পাশে গুলি লেগেছে। নিয়াজুলের ভাই শরিফুল ইসলাম দাবি করেছেন, বেশ কিছুদিন আগে এলাকার কয়েকজনের সঙ্গে মোবাইল ফোন নিয়ে তাঁর বিরোধ হয়েছিল।