রাজধানীতে গৃহপরিচারিকা নির্যাতনের অভিযোগে গৃহকর্তা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরে আজ শনিবার দুপুরে গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে পুলিশ এক গৃহকর্তাকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহকর্তাকে না জানিয়ে বাসা থেকে নিচে নেমে বাবার সঙ্গে দেখা করার অপরাধে মিরপুর-২ নম্বর সেকশনের এ ব্লকের ৭/১০ নম্বর বাসার বাসিন্দা সৈয়দ ওয়াসিফ গৃহপরিচারিকা খাদিজা খাতুনকে (১২) মারধর করেন। এ সময় তিনি মেয়েটির বাবা পুরান ঢাকার রিকশাচালক শামীম শেখকেও আটকে রেখে মারধর করেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাবা-মেয়ের চিত্কারে আশপাশের লোকজন জড়ো হয়ে ওই বাড়িতে ঢুকে তাঁদের উদ্ধার করে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা-মেয়ে ও গৃহকর্তাকে মিরপুর থানায় নিয়ে যায়। থানায় খাদিজা জানায়, কাজে দেরি হলে বা কোনো কাজ না পারলে গৃহকর্তা তাকে মারধর করতেন। গৃহকর্ত্রী বকাঝকা করলেও মারধর করতেন না। খাদিজার বাবা জানান, তিনি মেয়েকে একনজর দেখতে সেখানে গিয়েছিলেন। তাঁকে দেখে মেয়ে ছুটে এসেছিল। কিন্তু তিনি না বলে মেয়েকে নিয়ে যাবেন, এমন অভিযোগ এনে গৃহকর্তা তাঁদের দুজনকে আটকে রেখে মারধর করেন। তবে গৃহকর্তা সৈয়দ ওয়াসিফ মারধর কারার অভিযোগ অস্বীকার করে বলেন, বাবা-মেয়েকে তিনি শুধু আটকে রেখেছিলেন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ঘটনায় খাদিজার বাবা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ওয়াসিফকে গ্রেপ্তার দেখানো হয়েছে।