রাজধানীতে গৃহবধূ ও গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক ঘটনায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূ ও এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন গৃহবধূ আফসানা আক্তার ওরফে মুক্তি (১৮) ও গৃহকর্মী রাশিদা বেগম ওরফে সাবিনা (২২)।নিহত মুক্তির বড় বোন আফসানা আফরোজ জানান, এক বছর আগে হিমেলের সঙ্গে প্রেম করে মুক্তির বিয়ে হয়। কিছুদিন না যেতেই নানা অজুহাতে মুক্তিকে নির্যাতন করত হিমেল। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবারও মুক্তির সঙ্গে তাঁর কথা হয়। সে সুস্থ ছিল। হিমেল তাঁকে পিটিয়ে হত্যা করেছে।জানা যায়, গতকাল সকাল পৌনে ১১টার দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর গোলাপবাগের বাসা থেকে অচেতন অবস্থায় আফসানা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। দুপুর সোয়া ১২টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় জড়িত সন্দেহে হাসপাতাল ক্যাম্পের পুলিশ আফসানার শ্বশুর নুরুল ইসলামকে আটক করেছে।নুরুল ইসলাম সাংবাদিকদের কাছে দাবি করেন, মুক্তিকে হত্যার অভিযোগ ঠিক নয়। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। তাঁর ছেলে হিমেল চাঁদপুরে একটি অটোরিকশার গ্যারেজের মিস্ত্রি। হিমেল সেখানেই থাকে। গতকাল প্রতিবেশীদের কাছে মুক্তির অসুস্থতার খবর পেয়ে তিনি ৩৫/১০ গোলাপবাগের তাঁদের ভাড়া বাসায় যান। পরে সেখান থেকে মুক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে মুক্তি দ্বিতীয়। তাঁর বাবার নাম আফির উদ্দিন।এদিকে সূত্রাপুর থানার পুলিশ সূত্র জানায়, গৃহকর্মী রাশিদা সূত্রাপুরের ২০ লারমিনি স্ট্রিটের বাড়ির মালিক আফজাল হোসেন ঢালীর বাসায় কাজ করতেন। গতকাল সকাল ১০টার দিকে তিনি ওই বাড়ির ষষ্ঠ তলার বারান্দা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পা ফসকে নিচে পড়ে যান। ওই বাড়ির দারোয়ান হুমায়ুন কবির রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হাসপাতাল ক্যাম্পের পুলিশের উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, নুরুল ইসলাম ও দারোয়ান হুমায়ুন কবিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সূত্রাপুর থানার অপারেশন কর্মকর্তা বি এম ফরমান আলী প্রথম আলোকে জানান, বারান্দার গ্রিলের ফাঁক গলে রাশিদা নিচে পড়ে যান উল্লেখ করে বাড়ির মালিক আফজাল হোসেন ঢালী বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।ঢাকা মেডিকেল কলেজ মর্গে গৃহবধূ মুক্তি ও গৃহকর্মী রাশিদার লাশের ময়না তদন্ত হয়েছে।