রাজধানীতে গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ
রাজধানীর বাড্ডা থানার মেরুলে মারুফা সিদ্দিকী ওরফে আকলিমা (২৪) নামের এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার সকালে এ ঘটনায় পুলিশ মারুফার স্বামী শেখ ফরিদকে (৩০) আটক করেছে। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মারুফা দুই সন্তান নিয়ে তাঁর স্বামীর সঙ্গে মেরুল বাড্ডায় থাকতেন। আজ সকাল পৌনে সাতটার দিকে ওই বাসা থেকে অগ্নিদগ্ধ অবস্থায় মারুফাকে তাঁর স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্দেহ হওয়ায় তাঁর স্বামী শেখ ফরিদকে আটক করে বাড্ডা থানায় সোপর্দ করে কর্তৃপক্ষ।মারুফার ভাই আল আমিন অভিযোগ করেন, তাঁর বোনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যৌতুকের জন্য ফরিদ তাঁকে প্রায়ই মারধর করতেন।এ ব্যাপারে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ফরিদকে জিজ্ঞাসাবাদ চলছে।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের কাছে ফরিদ দাবি করেন, মশার কয়েল থেকে মশারিতে আগুন ধরে মারুফা অগ্নিদগ্ধ হয়েছেন।