রাজধানীতে গৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মোহাম্মদপুরে জান্নাতুল নাঈমা ওরফে রত্না নামের গৃহবধূকে গতকাল শনিবার তাঁর স্বামী বিষ খাইয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নাঈমা মিরপুর সরকারি বাঙলা কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।নাঈমার মা রাবেয়া বেগম জানান, দুই বছর আগে নাঈমা বাঙলা কলেজে তাঁর সহপাঠী জসীম উদ্দিনকে ভালোবেসে বিয়ে করেন। কিছুদিন যেতে না যেতেই তিন লাখ টাকা যৌতুকের জন্য নাঈমাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে জসীম। নির্যাতনে অতিষ্ঠ হয়ে নাঈমা তাঁর স্বামীর বাসা ছেড়ে মোহাম্মদপুরের বিজলী মহল্লার ২৩/১৫ তাঁর বাবার বাসায় ওঠে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে জসীম মুঠোফোনে নাঈমাকে বিজলী মহল্লার মাঠে ঢেকে নিয়ে যান। সেখান থেকে কিছুক্ষণ পর নাঈমা বাসায় ফিরে মেঝেতে লুটিয়ে পড়ে। তাঁর মুখ থেকে লালা বের হচ্ছিল এবং বিষজাতীয় পদার্থের গন্ধও পাওয়া যাচ্ছিল। এ অবস্থায় তাঁকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। রাত তিনটার দিকে চিকিত্সাধীন অবস্থায় নাঈমার মৃত্যু হয়।রাবেয়া বেগমের অভিযোগ, জসীম তাঁর মেয়েকে বিষ খাইয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে জসীম পলাতক। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল আবছার জানান, এ ব্যাপারে এখনো থানায় কোনো মামলা করা হয়নি।