রাজধানীতে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের পাশে রেলওয়ে কলোনির সামনে থেকে একটি গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে একটি নর্দমা থেকে এটি উদ্ধার করা হয়। ডিবির বোমা নিষ্ক্রিয়করণ দল বিকেল সোয়া চারটার দিকে এটি নিষ্ক্রিয় করে।এ ব্যাপারে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল প্রথম আলো ডটকমকে জানান, রেলওয়ে কলোনির সামনে মসজিদের পশ্চিম পাশে খেলার সময় একদল শিশু পাশের নর্দমায় বস্তুটি পড়ে থাকতে দেখে। তাদের মুখে এ কথা শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তুটি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত ডিবির অতিরিক্ত উপ কমিশনার মো. ছানোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে জানান, প্রাথমিকভাবে এটিকে গ্রেনেডই মনে হচ্ছে। নিষ্ক্রিয় করার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য এর আলামতগুলো নিয়ে যাওয়া হয়েছে।