রাজধানীতে গ্রেপ্তার অর্ধশতাধিক, ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
নাশকতার আশঙ্কায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে আজ শুক্রবার অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পুলিশের বাধায় মিছিল ছত্রভঙ্গ হওয়ার পর পুরানা পল্টনে একটি আবাসিক বহুতল ভবনে আশ্রয় নেওয়া এক অজ্ঞাত যুবক (২৫) ছাদ থেকে পড়ে মারা গেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের কারণে আজ বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পূর্বঘোষিত মিছিল-সমাবেশ করতে পারেননি সদ্য গঠিত ‘ঈমান ও দেশ রক্ষা আন্দোলন’ জোটের নেতা-কর্মীরা। তবে ফকিরাপুলে কয়েকজন যুবক বোমা ফাটিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তা পণ্ড করে দেয়।যুবকের মৃত্যুপ্রত্যক্ষদর্শীরা জানান, আজ জুমার নামাজের পর বেলা পৌনে দুইটার দিকে পুরানা পল্টন এলাকার শাওন টাওয়ারসংলগ্ন গলিতে অর্ধশতাধিক যুবক একটি মিছিল বের করেন। বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলটি হাউস বিল্ডিং টাওয়ারসংলগ্ন গলির মুখে আসে। তখন পুলিশ মিছিল লক্ষ্য করে রাবার বুলেট ছুড়তে থাকে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে পুলিশ তাঁদের ধাওয়া দিলে বেশ কয়েকজন যুবক ‘ঠিকানা’ নামের ১১ তলার আবাসিক ভবনে ঢুকে পড়েন। অনেকেই ভবনের ছাদসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেন। পুলিশও ভবনে ঢুকে তল্লাশি চালিয়ে অন্তত ১৮ জন যুবককে আটক করে। এরই মধ্যে ছাদ থেকে নিচে পড়ে যান অজ্ঞাত এক যুবক। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ দ্বিতীয়বার তল্লাশি চালিয়ে ওই ভবন থেকে নয়জন যুবককে আটক করে। সব মিলিয়ে সেখান থেকে অন্তত ৩০ জনকে আটক করেছে পুলিশ।ওই ভবনের লিফটম্যান রফিকুল ইসলাম বলেন, ‘পুলিশ ভেতরে ঢুইকা বেশ কয়েকজনরে আটক করতে থাকে। কিছুক্ষণ পর নিচে কিছু পড়ার শব্দ শুনি। গিয়া দেখি, হাত-পা ভাঙা ও রক্তাক্ত অবস্থায় এক ছেলে পড়ে আছে।’ ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ওই ভবনের নিচে গাড়ি রাখার স্থান। দুই সারিতে মোট ৪০টি ফ্ল্যাট। ভবনের দুই সারির মাঝখানে নিচে ফাঁকা জায়গায় পড়ে আছে ওই যুবকের লাশ। তাঁর পরনে হালকা গোলাপি গেঞ্জি, ছাই রঙের প্যান্ট ও সাদাকালো কেডস। ভবনের ওপরে দুই সারিকে সংযোগকারী একটি প্লাস্টিকের টিন। ওই টিনের একাংশ ভাঙা। পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মেহেদী হাসান বলেন, ওই ভবন থেকে আটক যুবকেরা জামায়াত-শিবিরকর্মী। ধারণা করা হচ্ছে, নিহত যুবকও জামায়াত-শিবিরকর্মী। গ্রেপ্তার এড়াতে হয়তো ভবনের এক সারির ছাদ থেকে টিনের ওপরে উঠে আরেক সারির ছাদে যাওয়ার চেষ্টা করেছিলেন তিনি। অথবা তাঁর সঙ্গীরা কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারেন।ওই ভবন থেকে আটক শহীদুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগে সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র। তাঁর কলেজের মাইনুদ্দিন নামের এক বড় ভাই শিবিরকর্মী তাঁকে বায়তুল মোকাররমে নামাজ পড়তে নিয়ে এসেছিলেন। কিন্তু বায়তুল মোকাররমে না পড়ে পল্টন জামে মসজিদে নামাজ পড়েন তাঁরা। এরপর মিছিলে অংশ নেন। নিহত যুবককে চেনেন না বলে দাবি করেন তিনি।অর্ধশতাধিক আটকপুলিশ জানায়, জোটের কথা বলা হলেও গতকাল রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা করেছিল জামায়াত-শিবিরকর্মীরা। কিন্তু পুলিশ তা ব্যর্থ করে দেয়। পুরানা পল্টনের ওই ভবন ছাড়াও পুলিশ রাজধানীর বিভিন্ন স্থান থেকে অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ হাইকোর্টের সামনে কদম ফোয়ারা, পুরানা পল্টন মোড়, নূর হোসেন স্কোয়ার, দৈনিক বাংলা মোড়ে কাঁটাতারের বেষ্টনী দিয়ে তল্লাশি চালায়। এ সময় অন্তত ৩০ জনকে আটক করা হয়। এর আগে দুপুর পৌনে ১২টার দিকে বক্স কালভার্ট রোডে জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয় ও এর নিচ থেকে ২৫ জনকে আটক করা হয়।পূর্বঘোষিত সমাবেশ হয়নিধর্মভিত্তিক নয়টি দল ও আলেমদের নিয়ে সদ্য গঠিত ‘ঈমান ও দেশ রক্ষা আন্দোলন’ নামের জোট আজ জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে ‘শানে রাসূল (স.) সমাবেশ’ করার ঘোষণা দিয়েছিল। আল্লাহ, মহানবী (সা,) ও ইসলামি অনুশাসনের অবমাননাকারী কথিত ব্লগারদের শাস্তির দাবি এবং বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক বন্ধ করার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়।এই কর্মসূচি কেন্দ্র করে পুলিশ-র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদের চারপাশসহ ওই এলাকার সব কটি সড়কের মোড়ে সাঁজোয়া যান, জলকামান নিয়ে কঠোর অবস্থান নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর পুরানা পল্টন মসজিদ থেকে মিছিল বের করার প্রস্তুতি নিলে পুলিশ জোটের আহ্বায়ক নূর হোসাইন কাসেমীসহ সংগঠনের নেতা-কর্মীদের অবরুদ্ধ করে রাখে। প্রায় দেড় ঘণ্টা পর তাঁরা মসজিদ থেকে বের হন। তবে কোনো সমাবেশ করতে পারেননি তাঁরা। তবে এর কিছুক্ষণ পর ফকিরাপুলের ডিআইটি এক্সটেনশন রোডের একটি গলি থেকে কয়েকজন যুবক বের হয়ে বোমা বিস্ফোরণ ঘটিয়ে মিছিল বের করার চেষ্টা করেন। তখন পুলিশ রাবার বুলেট ছুড়লে যুবকেরা পালিয়ে যান।সংবাদ সম্মেলনসমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে নূর হোসাইন কাসেমী বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে আগামী সোমবার সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। তিনি শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য এক সপ্তাহ আগে আবেদন করার পরও অনুমতি না দেওয়ায় সরকারের কড়া সমালোচনা করেন।এ ছাড়া পৃথক এক বিবৃতিতে পুলিশের বাধার প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্য আন্দোলন।নাশকতার চেষ্টায় জামায়াত-শিবির!পুলিশ জানায়, বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরকর্মীরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন। এমন তথ্যের ভিত্তিতেই গতকাল রাজধানীতে কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে অনেকেই জামায়াত-শিবিরকর্মী শনাক্ত করা গেছে বলে পুলিশ জানায়।