রাজধানীতে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে
হরতালের আগের দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় অফিস-ফেরত মানুষ চরম দুর্ভোগে পড়েন। ঘরে ফিরতে বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁদের। রাজধানীর শাহবাগ, ফার্মগেট, প্রেসক্লাব, সোনারগাঁও মোড়, বাংলা মোটর মোড়, মগবাজার মোড়, জিরো পয়েন্ট, পল্টন মোড়সহ বেশ কিছু জায়গা ঘুরে যাত্রীদের এমন দুর্ভোগের চিত্র পাওয়া গেছে।হরতালের আগের দিন অগ্নিসংযোগের আতঙ্কে রাজধানীর সড়ক ছিল প্রায় বাসশূন্য। ফলে শাহবাগ এলাকায় ঘরমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকেই কাঙ্ক্ষিত বাস পায়নি। আবার অনেকেই ক্লান্ত হয়ে বসে পড়েছেন ফুটপাতের ওপর। যাত্রীদের এমন দুর্ভোগে সিএনজিচালিত অটোরিকশার চালকেরা হাঁকিয়েছেন দ্বিগুণ ভাড়া।হরতালের কারণে লোকাল বাস কম থাকায় যাত্রীরা ভিড় করেছেন সিটিং সার্ভিসগুলোতে। এতে টিকিট বিক্রেতাদেরও বেশ হিমশিম খেতে হয়েছে।মৈত্রী পরিবহনের একজন কর্মচারী জানান, বেলা দুইটার পর বোরাক এবং বিকেল চারটার পর মালঞ্চ ও হানিফ পরিবহনের গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে। তাঁদের পরিবহনেরও গাড়িও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে।রাজধানী পরিবহনের রোড ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, সকালের দিকে তাঁদের প্রায় মোট ২৫টি বাস সড়কে নেমেছিল। কিন্তু দুপুরের পর ১০টি বন্ধ করা দেওয়া হয়েছে। সন্ধ্যার পর আরও কমে যায়।মিডওয়ে পরিবহনের টিকিট বিক্রেতা আমীর হোসেন জানান, তাঁদের পরিবহনের গাড়ি চললেও যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যেকোনো সময় ‘লাস্ট ট্রিপ’ বলে ঘোষণা আসতে পারে।একটি পরিবহনের রোড ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, ভাঙচুর ও অগ্নিসংযোগ আতঙ্কে লোকাল বাস সড়কে অনেক কম নেমেছে। এতে ওই বাসগুলোর যাত্রীরা সিটিং সার্ভিসগুলোতে ভিড় জমিয়েছে। ফলে, টিকিট বিক্রিতে বেশ হিমশিম খেতে হচ্ছে। জিরো পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশ আজাদ হোসেন জানান, সড়কে অন্যান্য গাড়ি থাকলেও বাস নেই বললেই চলে। এতে কিছুটা যানজট কমার কথা কিন্তু আরও বেড়েছে। কারণ, বাসের জন্য অপেক্ষমাণ যাত্রীদের ভিড় রাস্তা পর্যন্ত এসে পৌঁছেছে।