রাজধানীতে চারজন অপহরণকারী গ্রেপ্তার
রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশ নির্বাচন কমিশন কার্যালয় এলাকা ও মধ্য বাড্ডা থেকে চারজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ অপহূত এক ব্যক্তিকেও উদ্ধার করেছে। অপহূতের নাম মনির। গ্রেপ্তার হওয়া চারজন হলেন লিয়ন চৌধুরী (২৮), রাকিব (২০), সালাউদ্দিন (২২) ও আরজু (৩৬)।মনিরের বাড়ি সিরাজগঞ্জে। সে নবম শ্রেণীর ছাত্র। সে ঢাকায় ফার্মগেটে তার ভাইয়ের বাসায় বেড়াতে এসেছিল। অপহরণকারীরা ৯ মার্চ মনিরকে অপহরণ করে তার ভাই মানিকের কাছে ৯৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জানান, অপহরণকারী লিয়ন এবং অপহূত মনিরের ভাই মানিক ইউনিপেটুইউতে চাকরি করত। সম্প্রতি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেলে লিয়ন মানিককে নতুন ব্যবসা করার প্রস্তাব দিয়ে মধ্য বাড্ডায় তাঁর বাসায় ডেকে পাঠান। মানিক ৯ মার্চ মনিরকে সঙ্গে নিয়ে লিয়নের বাসায় যান। এ সময় লিয়ন মনিরকে আটকে রেখে ৯৬ লাখ টাকা দাবি করেন। মানিক একপর্যায়ে মনিরকে লিয়নের কাছে রেখে নিজের বাসায় এসে চেক নিয়ে যান। কিন্তু লিয়ন ওই চেক নগদ করে নিয়ে আসতে মানিককে নির্দেশ দেন এবং টাকা না পাওয়া পর্যন্ত মনিরকে আটকে রাখার হুমকি দেন।মানিক এ ব্যাপারে ১০ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এর ভিত্তিতেই পুলিশ বিশেষ কৌশল অবলম্বন করে গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে নির্বাচন কমিশন কার্যালয় এলাকা থেকে আরজুকে গ্রেপ্তার করে। এ সময় আরজুর সঙ্গে মনির ছিল। পরে আরজুর জবানবন্দির ভিত্তিতে আজ সোমবার ভোরে বাকি তিনজনকে মধ্য বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়।