রাজধানীতে চারটি গাড়িতে আগুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতালের আগের দিন আজ সোমবার রাজধানীতে চারটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। মিরপুর ১ নম্বরে, রামপুরায়, পুরান ঢাকার কোতোয়ালি থানার রায়সাহেব বাজার ও নয়াবাজার এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজ সোমবার বিকেল পৌনে পাঁচটার দিকে রায়সাহেব বাজার এলাকায় বাহাদুর শাহ পরিবহন নামের একটি যাত্রীবাহী লেগুনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এর কিছুক্ষণ পর বিকেল পাঁচটার দিকে নয়াবাজার এলাকায় ১৮ দলের কর্মীরা হরতালের পক্ষে স্লোগান দিয়ে একটি মালবাহী পিকআপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা চালান। এ সময় পুলিশ ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।সন্ধ্যা ছয়টার দিকে মিরপুর ১ নম্বরে যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া, সন্ধ্যা সাতটার দিকে রামপুরা ডিআইটি রোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক প্রথম আলো ডটকমকে জানান, পিকেটাররা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ ধাওয়া করলে তারা পালিয়ে যায়।