রাজধানীতে চারটি যানবাহনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের আগের দিন আজ মঙ্গলবার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পিকআপ ভ্যানসহ রাজধানীতে চারটি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি এ কথা জানায়।আজ দুপুর ১২টার দিকে আরামবাগ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। মহাখালীতে বেলা দেড়টার দিকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি প্রাইভেট কারে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ছাড়াও বেলা পৌনে দুইটার দিকে নিউমার্কেট এলাকায় একটি মাইক্রোবাস এবং প্রায় একই সময়ে গার্হস্থ্য অর্থনীতি কলেজের পাশে নীলক্ষেত পেট্রল পাম্পের সামনে র্যাবের একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে কাল বুধবার হরতাল ডেকেছে ১৮-দলীয় জোট।