রাজধানীতে ছাত্রদল নেতা গুলিবিদ্ধ
সন্ত্রাসীরা আজ মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগরে হাবিবুর রশীদ (২৫) নামের একজন ছাত্রদল নেতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ হাবিবুরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতের স্বজনেরা দাবি করেছেন, হাবিবুর ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বেলা সোয়া ১১টার দিকে শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং সেন্টারের পেছনে কয়েকজন সন্ত্রাসী তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর শরীরে কমপক্ষে পাঁচটি গুলি লাগে। পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার কারণ এখনো জানা যায়নি। তবে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাস হাসপাতালে তাঁকে দেখতে যান। সেখানে গয়েশ্বর চন্দ্র রায় সাংবাদিকদের বলেন, এ ঘটনা দিয়েই বোঝা যায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হয়েছে। এর মধ্যে রাজনৈতিক কারণ থাকতে পারে। তিনি সরকারের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।