রাজধানীতে ছাত্রীসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে আজ সোমবার পৃথক ঘটনায় কলেজছাত্রীসহ ছয়জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।তাঁরা হলেন কলেজছাত্রী ফরিদা আক্তার ওরফে মৌসুমী (১৯), বিউটি পারলারের কর্মী সুবর্ণা সূত্রধর (২২), ফল ব্যবসায়ী জহিরুল ইসলাম (২০), নিরাপত্তাকর্মী জয়নাল আবেদীন (৩৫), ছাপাখানার কর্মী মনিরুল ইসলাম (২৬) ও নির্মাণ শ্রমিক মিরাজ হোসেন (১৮)।পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, মহানগর আইডিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ফরিদা আক্তার বাসায় বিষাক্ত কীটনাশক পান করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে বেলা ১১টার দিকে পুলিশ পুরান ঢাকার বংশাল থানার বাঙালী নামে একটি বিউটি পারলারের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই পারলারের কর্মী সুবর্ণা সূত্রধরের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তাঁর লাশ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।একই দিন বেলা ১১টার দিকে বেপরোয়া গতির একটি বাস যাত্রাবাড়ী চৌরাস্তায় ফল ব্যবসায়ী জহিরুল ইসলামকে (২০) চাপা দিলে তিনি আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। তিনি জুরাইনের ১০ আলমবাগে থাকতেন। তাঁর বাবার নাম আজিমউদ্দিন।দুপুর ১২টার দিকে গুলশান ২ নম্বরের এক বাসার নিরাপত্তাকর্মী জয়নাল মাথা ঘুরে জেনারেটরের ওপর পড়ে যায়। এতে তাঁর সারা শরীর ঝলসে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।সকাল সাড়ে নয়টার দিকে সূত্রাপুরের ফরাশগঞ্জে বি কে প্রেস নামে একটি ছাপাখানার কর্মী মনিরুল ইসলাম ছাপাখানার মোটর চালু করতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে।আজ সকালে রড মিস্ত্রি মিরাজ শেখ বসুন্ধরা হাউজিং প্রকল্পের এফ ব্লকের ৮ নম্বর সড়কের একটি নির্মাণাধীন ভবনে পিলার নির্মাণের জন্য রড বাধাই করছিলেন। একপর্যায়ে তিনি পড়ে গিয়ে আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ওমরনগরে।ঢাকা মেডিকেল ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ছয় থানায় ছয়টি অপমৃত্যুর মামলা হয়েছে।