রাজধানীতে ছিনতাই, ডাকাতি বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক স্বীকার করেছেন, ঢাকা মহানগরে জানুয়ারির তুলনায় চলতি ফেব্রুয়ারি মাসে ডাকাতি, ছিনতাই, ধর্ষণের মতো অপরাধ বেড়েছে। তবে এ বৃদ্ধির হার গত বছরের জানুয়ারির তুলনায় কম বলে তিনি দাবি করেন। গতকাল মঙ্গলবার বিকেলে নগর পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে কমিশনার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সভায় ঢাকা মহানগরের সব অঞ্চলের উপকমিশনার, অতিরিক্ত উপকমিশনার, সহকারী কমিশনার ও সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। রাজারবাগ পুলিশ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।কমিশনার বলেন, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সব কাউন্সিলর প্রার্থীর জন্য ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে কোন প্রার্থীকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হবে—সেটি সরকার বিবেচনা করবে। তিনি বলেন, কারা নির্বাচনে অংশ নিতে পারেন, তার একটি সম্ভাব্য তালিকা পুলিশ তৈরি করেছে। নির্বাচন কমিশনকে সম্ভাব্য প্রার্থীদের তালিকাটি দেওয়া হবে। তালিকায় প্রার্থীর বিরুদ্ধে কী ধরনের কয়টি মামলা আছে, সাজা ভোগ করেছেন কি না, গ্রেপ্তার হয়েছিলেন কি না—এসব তথ্য দেওয়া হবে। আইন অনুযায়ী তাঁরা মনোনয়ন পাওয়ার যোগ্য—সে সিদ্ধান্ত কমিশন নেবে।কমিশনার জানান, রাজধানীতে অনেক প্রার্থী আছেন, যাঁরা মনোনয়ন পেলে কিছুটা সমস্যা হবে। অনেক ভোটারও চান না, এসব লোক প্রার্থী হোন। এর আগের নির্বাচনে তালিকাভুক্ত অনেক কাউন্সিলর গানম্যান পেয়েছিলেন, যা সে সময় সরকারের ভুল সিদ্ধান্ত ছিল।রাজধানীতে অপরাধ বৃদ্ধি প্রসঙ্গে শহীদুল হক বলেন, নগরে কিছুটা অপরাধ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। উঠতি সন্ত্রাসীরাই এখন রাজধানীতে অপরাধ করছে। এদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। উঠতি সন্ত্রাসীদের তালিকা তৈরি প্রসঙ্গে পুলিশের কমিশনার বলেন, রাজধানীতে ৫১১ জনের একটি তালিকা করা হয়েছে। এদের মধ্যে যারা সরাসরি অপরাধের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া যাবে, তাদের গ্রেপ্তার করা হবে। অন্যদের আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে তাদের শুধরানোর সুযোগ দেওয়া হবে। অপহরণের মামলা বৃদ্ধি প্রসঙ্গে কমিশনার বলেন, রাজধানীর থানায় অপহরণের যেসব মামলা হয়, তার ৯০ শতাংশ ঘটনার পেছনে প্রেম থাকে। অভিভাবকেরা এসব ঘটনাকে মামলা হিসেবে দায়ের করেন। কমিশনার ফেব্রুয়ারির খুনের পরিসংখ্যান উল্লেখ করে বলেন, গত মাসে রাজধানীতে ১৯টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে পূর্বশত্রুতার জের ধরে খুন হয়েছে চারজন, অজ্ঞাত কারণে চারজন, অস্ত্রের আঘাতে তিনজন এবং পরিকল্পিত হত্যার শিকার হয়েছে দুজন। এ ছাড়া অন্যান্য ঘটনায় আরও ছয়জন নিহত হয়েছে। কমিশনার বলেন, গত মাসে রাজধানীতে ৪৪টি গাড়ি চুরি হয়েছে। এর মধ্যে পুলিশ ৩৫টি গাড়ি উদ্ধার করেছে। এ ছাড়া গত মাসে পাঁচটি ডাকাতি, ১৯টি ছিনতাই, নয়টি ধর্ষণ, ২১টি অপহরণ, ৯১টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।