রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১
রাজধানীর যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় আজ সকালে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে হাতকাটা বাক্কার ওরফে টুণ্ডা বাক্কার (৪২) নিহত হয়েছেন।যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আবুল কাশেম জানিয়েছেন, টুণ্ডা বাক্কারের বিরুদ্ধে সবুজবাগসহ কয়েকটি থানায় ছিনতাই ও হত্যার ছয়টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাতটার দিকে গোলাপবাগ এলাকার দাদা ভিডিও গলিতে টুণ্ডা বাক্কার ও তাঁর এক সহযোগী এক নারীর পথ রোধ করে তাঁর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করেন। ওই নারীর চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং টুণ্ডা বাক্কারকে গণপিটুনি দেয়। এ সময় টুণ্ডা বাক্কারের সহযোগী পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণপিটুনিতে ঘটনাস্থলে টুণ্ডা বাক্কারের মৃত্যু ঘটে। পরে পুলিশ এসে টুণ্ডা বাক্কারের মরদেহ উদ্ধার করে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ জানিয়েছে, নিহত টুন্ডা বাক্কারের কাছ থেকে তারা একটি চাকু উদ্ধার করেছে।জানা গেছে, এর আগে ছিনতাইয়ের সময় বাক্কারের একটি হাতে পুলিশের গুলি লাগে। পরে তাঁর হাতটি কেটে ফেলতে হয়। এরপর থেকেই তিনি হাতকাটা বাক্কার বা টুণ্ডা বাক্কার নামে পরিচিতি পান।