রাজধানীতে ছিনতাইকারীদের হাতে ২ ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে আজ বুধবার ভোরে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দুই ব্যক্তি খুন হয়েছেন। সায়েদাবাদে মধু মিয়া (২৫) এবং গেন্ডারিয়ায় চুন্নু মিয়া (৫০) নিহত হন। যাত্রাবাড়ী থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে সায়েদাবাদ ব্রিজের কাছে চার-পাঁচজন ছিনতাইকারী মধু মিয়ার পথ রোধ করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তাঁকে ছুরি মেরে পালিয়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত মধুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধু রাজধানীর কদমতলীতে একটি রি-রোলিং কারখানায় কাজ করতেন। তাঁর বাড়ি গাইবান্ধায়। ১৫ দিনের ছুটি শেষে তিনি আজ ঢাকায় এসেছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।গেন্ডারিয়া থানার পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে রাজধানীর শ্যামবাজার থেকে কাঁচামাল নিয়ে সূত্রাপুরের আরামবাগ রোডে নিজ বাড়িতে ফিরছিলেন চুন্নু মিয়া। পথে গেন্ডারিয়ার এস কে দাস রোডে একদল ছিনতাইকারী তাঁর গতিরোধ করে ছুরি মারে। পথচারীরা তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিত্সক চুন্নুকেও মৃত ঘোষণা করে। গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চুন্নু মিয়া কাঁচামাল ব্যবসায়ী ছিলেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।