রাজধানীতে ছিনতাইকারীদের হামলায় দুই যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীর বেড়িবাঁধ এলাকায় মাইক্রোবাস আরোহী ছিনতাইকারীরা দুজনকে কুপিয়ে ও মারধর করে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে। গুরুতর আহত অবস্থায় এ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম জাকারিয়া (৩২)। তবে অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫। হাসপাতালে চিকিত্সাধীন গোলাম জাকারিয়া জানান, সকাল পৌনে ছয়টার দিকে তুরাগ থানার দৌড় এলাকায় তিনি মোহাম্মদপুরে আসার জন্য বাসের অপেক্ষায় ছিলেন। এ সময়ে একটি মাইক্রোবাস তাঁকে মোহাম্মদপুর পৌঁছে দেওয়ার কথা বলে ওঠায়। মাইক্রোবাসটি পল্লবীর বেড়িবাঁধের কাছে এলে ওই মাইক্রোবাসে যাত্রী বেশে থাকা চার-পাঁচজন ছিনতাইকারী তাঁর ওপর চড়াও হয়। তারা তাঁকে মারধর করে ৮০০ টাকা ছিনিয়ে নিয়ে মাটিতে ফেলে দেয়।অন্যদিকে মাইক্রোবাসে থাকা আরেক যাত্রী টাকা দিকে না চাইলে ছিনতাইকারীরা তাঁকে চাপাতি দিয়ে কোপায়।গোলাম জাকারিয়া দ্রুত বিষয়টি পল্লবী থানার পুলিশের নিরাপত্তা চৌকিতে জানায়। পরে টহল পুলিশ ওই মাইক্রোবাসের পিছু নিলে ছিনতাইকারীরা গাড়ি থেকে ওই অজ্ঞাত যাত্রীকে ফেলে দেয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের দায়িত্বরত চিকিত্সক জানান, অজ্ঞাত ওই যাত্রীর অবস্থা আশঙ্কাজনক।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুরাগ থানা এলাকায় ঘটনার শুরু হয়। পুলিশ অজ্ঞাত ওই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।