রাজধানীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আদাবর পিসি কালচার ১০ নম্বর রোড এলাকায় আজ বৃহস্পতিবার সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন গুরুতর আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন—বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক নায়েক মাহফুজুর রহমান (৪৫) ও রিকশাচালক আবুল হোসেন (৪৮)। তাঁদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আজ সকালে মাহফুজুর রহমান স্ত্রী মাহফুজা বেগমকে নিয়ে পেনশনের টাকা তুলতে যাচ্ছিলেন। পথে দুই ছিনতাইকারী তাঁদের রিকশার গতিরোধ করে এবং মাহফুজুর রহমানের স্ত্রীর কানের দুল, স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা মাহফুজুর রহমানের পেটে, নাকে ও মুখে ছুরিকাঘাত করে। ছিনতাইকারীরা রিকশাচালক আবুল হোসেনের পিঠেও আঘাত করে চলে যায়। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসনে মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।