রাজধানীতে ছেলের হাতে মা খুন
রাজধানীর কদমতলী থানার মিরাজনগরে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তানভীর আহমেদ ওরফে শুভর হাতে তার মা নূরজাহান বেগম (৪৫) খুন হয়েছেন। মা-ছেলের কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও পরিবারের লোকজন জানিয়েছেন।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সুজিত রায় জানান, আজ সকালে নূরজাহানের সঙ্গে তাঁর স্বামী মাহমুদুর রহমানের কথা কাটাকাটি হয়। পরে তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। কিন্তু ওই ঘটনা নিয়ে মা ও ছেলের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছেলে মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায় বলে পুলিশ মনে করছে। ঘটনার পর থেকেই তানভীর পলাতক রয়েছে। সম্প্রতি বিমানবাহিনীর কর্মকর্তার পদ থেকে তানভীরকে বহিস্কার করা হয়।নিহতের পারিবারিক সূত্র জানায়, কথা কাটাকাটির এক পর্যায়ে তানভীর ধারালো অস্ত্র দিয়ে নূরজাহানকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করে। মাহমুদুর রহমান জানান, তাঁর স্ত্রী বদমেজাজি ছিলেন আর তাঁর ছেলের মানসিক সমস্যা আছে। সুজিত রায় জানান, কদমতলি থানায় মামলার প্রস্তুতি চলছে।