রাজধানীতে ছেলের হাতে মা খুন
রাজধানীর কদমতলী থানার মেরাজনগরে আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে তানভীর হাসান ওরফে শোভনের (২৪) হাতে তাঁর মা নূরজাহান বেগম (৪৫) খুন হয়েছেন। মা ও ছেলের কথাকাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ ও পরিবারের লোকজন জানিয়েছেন।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সুজিত রায় জানান, আজ সকালে নূরজাহানের সঙ্গে তাঁর স্বামী মাহমুদুর রহমানের কথাকাটাকাটি হয়। পরে তিনি তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে চলে যান। কিন্তু ওই ঘটনা নিয়ে মা ও ছেলের মধ্যে আবার কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছেলে মাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করেন। ঘটনার পর থেকেই তানভীর পলাতক। নিহতের মেয়ে মিতু জানান, কথাকাটাকাটি চলতে থাকলে তিনি ফোনে বিষয়টি তাঁর বাবাকে জানালে তিনি বাসায় আসেন। কিন্তু ততক্ষণে তানভীর ছুরি দিয়ে তাঁর মাকে আঘাত করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। মাহমুদুর রহমান জানান, তাঁর চার ছেলেমেয়ে। শোভনের জমজ আরেক ভাই আছে। এরপর মিতু ও আরেক ছেলে। সুজিত রায় জানান, তানভীর বিমানবাহিনীর কারিগরী শাখায় যোগ দেন। সেখানে তিনি প্রশিক্ষণও নেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি আর ওই চাকরি করেননি। এ ব্যাপারে কদমতলী থানায় মামলার প্রস্তুতি চলছিল।