রাজধানীতে ছেলের হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী থানার মেরাজনগরে ছেলের বঁটির কোপে খুন হয়েছেন মা নূরজাহান বেগম (৪০)। গতকাল মঙ্গলবার সকালে বাগিবতণ্ডার একপর্যায়ে ছেলে তানভীর হাসান ওরফে শোভন (২৪) এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান। হত্যাকাণ্ডের ব্যাপারে বাবা মাহমুদুর রহমান বাদী হয়ে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন।পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, বাংলাদেশ বিমানবাহিনীর চাকরিচ্যুত কম্পিউটার অপারেটর তানভীর এক বছর ধরে বেকার। তিনি বাড়ি থেকে বের হতেন না। এসব নিয়ে সকালে তাঁর সঙ্গে তাঁর ব্যবসায়ী বাবা মাহমুদুরের ঝগড়া হয়। তিনি বাইরে চলে গেলে সকাল ১০টার দিকে তানভীর মায়ের কাছে কিছু টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে এবং বাবার সঙ্গে ঝগড়ার বিষয়ে মা-ছেলের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে তানভীর রান্নাঘর থেকে বঁটি এনে মায়ের গলায় কোপ দেন এবং পরে বাড়ির কলাপসিবল গেটে তালা লাগিয়ে পালিয়ে যান। মামলায় এসব উল্লেখ করা হয়েছে। নিহত নূরজাহানের ভাই মোর্শেদ প্রথম আলোকে জানান, সকালে ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তিনি কয়েক মিনিটের মধ্যে ১০৪৪ মেরাজনগরের এ ব্লকে বোনের বাড়িতে গিয়ে দেখেন, রক্তাক্ত নূরজাহানকে দোতলা বাড়ির নিচতলায় নামানো হয়েছে। তিনি ও তাঁর আরেক ভাই নূরজাহানকে বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার সময় নূরজাহানের একমাত্র মেয়ে উচ্চ মাধ্যমিকে পড়ুয়া মিতু তাঁর ঘরে পড়ছিল। আরেক ঘরে ছিল তানভীরের যমজ ভাই শাওন ও কিন্ডারগার্টেন স্কুলে পড়ুয়া ছোট ভাই শুভ। মায়ের সঙ্গে ঝগড়ার সময় ওই দুই ঘরের দরজায় ছিটকিনি আটকিয়ে দিয়েছিল তানভীর। ঘর থেকে ফোনে মিতু ঝগড়ার বিষয়টি বাবাকে জানায়। মাহমুদুর রহমান বাড়ি এসে নূরজাহানকে রক্তাক্ত অবস্থায় দেখেন। বাড়ির নিচতলার ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হয়েছে।মোর্শেদ জানান, তিন বছর আগে বিমানবাহিনীতে কম্পিউটার অপারেটর হিসেবে যোগ দিয়েছিল তানভীর। প্রায় দেড় বছর আগে সে পালিয়ে বাড়ি চলে আসে। পরে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এর কিছু দিন পর সে চাকরি থেকে বরখাস্ত হয়। চাকরি যাওয়ার পর থেকে সে কিছুটা বিষাদগ্রস্ত ছিল। এ নিয়ে পরিবারে অশান্তিও ছিল। তবে সে মাদকাসক্ত ছিল না।কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তমাখা বঁটিটি উদ্ধার করেছে। নিহতের গলায় গভীর একটা ক্ষত রয়েছে, এ ছাড়া বাঁ গালে কিছুটা থেঁতলানোর মতো রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।সূত্র জানায়, মাহমুদুর রহমানের ওই বাড়ি ছাড়াও সায়েদাবাদে একটি রং ও হার্ডওয়্যারের দোকান রয়েছে।স্ত্রীর মৃত্যুর পর মাহমুদুর বাক্হীন হয়ে পড়েছেন। হাসপাতালে তাঁর সঙ্গে কথা বলতে চাইলে স্বজনেরা জানান, একদিকে স্ত্রীর নির্মম মৃত্যু, আরেকদিকে ছেলের ভবিষ্যৎ—দুটিই তাঁর জন্য চরম কষ্টের। মিতু ও শাওনও প্রায় নির্বাক হয়ে পড়েছেন। ঘটনার পর স্বজনেরা তিন ভাই-বোনকে অন্য আত্মীয়দের বাসায় নিয়ে যান।বিকেল সাড়ে তিনটার দিকে গিয়ে দেখা যায়, মাহমুদুরের বাড়ির সামনে উৎসুক মানুষের ভিড়। নিচতলার ভাড়াটেরা থাকলেও দোতলার দরজায় তালা লাগানো। ভাড়াটে ও প্রতিবেশীরা জানান, তানভীর বাসা থেকে কম বের হতেন বলে তাঁকে তাঁরা ভালো করে চেনেন না।