রাজধানীতে ছয়টি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের আগের দিন আজ মঙ্গলবার রাজধানীতে ছয়টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। চানখাঁরপুল মোড়, সেনপাড়া পর্বতা, রামপুরা সেতুর কাছে, মতিঝিল, যাত্রাবাড়ী ও শান্তিনগরে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। চানখাঁরপুলে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, চানখাঁরপুল থেকে আটক হওয়া যুবককে ভ্রাম্যমাণ আদালত এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।উপকমিশনার আরও বলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে কতজনকে আটক করা হয়েছে, তা তিনি জানাতে পারেননি।সন্ধ্যা সাতটার দিকে চানখাঁরপুল মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগানোর পরপরই বাসের যাত্রীরা নেমে যায়। তবে এতে কেউ নিহত বা আহত হয়নি। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আটক হওয়া ব্যক্তিকে বংশাল থানায় নেওয়া হয়েছে।সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রামপুরা সেতুর কাছে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিস বলেছে, এতে কেউ হতাহত হননি।এদিকে বিকেল সাড়ে চারটার দিকে কাফরুল থানার সেনপাড়া পর্বতায় আল হেলাল হাসপাতালের সামনে একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।কাফরুল থানার ওসি আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, বাসটি মিরপুর ১ নম্বর থেকে টেকনিক্যাল পর্যন্ত যাতায়াত করে। কিন্তু আজ বাসটি মিরপুর ১০ নম্বর থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিল।আবদুল লতিফের ধারণা, হরতালের সমর্থনকারীরা আতঙ্ক ছড়াতে বাসটিতে উদ্দেশ্যমূলকভাবে আগুন দিয়েছে।এর আগে দুপুরে মতিঝিলে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মতিঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদেক হোসেন জানান, আজ আইডিয়াল স্কুলের সামনে এজিপি কলোনির পাশে অগ্রণী ব্যাংকের স্টাফ বাসটি রাখা ছিল। বেলা পৌনে দুইটার দিকে কে বা কারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।এ ছাড়া দুপুরে যাত্রাবাড়ী থানার মানিকনগর পুস্কনিপাড়ে শাহীন পরিবহনের একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কুদ্দুস জানান, বাসের স্টাফরা বিকেল সাড়ে তিনটার দিকে বাসের দরজা-জানালা বন্ধ করে খেতে যান। আধা ঘণ্টা পর এসে বাসে আগুন দেখতে পান।আবদুল কুদ্দুস ধারণা করছেন, বাসের ভেতর থেকেই আগুন লাগতে পারে। সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বাইরে থেকে অগ্নিসংযোগের কোনো আলামত তিনি পাননি।এ ছাড়া বিকেল চারটার দিকে শান্তিনগরে কর্ণফুলী গার্ডেন সিটির কাছে ইফাদ গ্রুপের একটি কাভার্ড ভ্যানের সামনের অংশে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টা পর আগুন নেভান। তবে এরও কারণ জানা যায়নি।রমনা থানার ওসি রফিকুল ইসলাম বলেন, কর্ণফুলী গার্ডেন সিটির কাছে ওই কাভার্ড ভ্যানটিতে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগেছে, না আগুন লাগানো হয়েছে, তা নিশ্চিতভাবে জানা যায়নি।