রাজধানীতে ছয়টি বাসে আগুন, আটক ৫
রাজধানীর বিভিন্ন স্থানে ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।আজ রোববার বিকেলের পর থেকে রাজধানীর মিরপুর, ধানমন্ডি, ফার্মগেট ও সড়ক ভবন এলাকায় এই ছয়টি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটে।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক জানান, আজ বিকেল সোয়া পাঁচটার দিকে মিরপুর ১০ নম্বর সড়কে ফায়ার সার্ভিস গেইটের সামনে সেফটি সিটিং সার্ভিস পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়। পুলিশ বলেছে, কাল সোমবারের হরতালকে সামনে রেখে কিছু উচ্ছৃঙ্খল ছাত্রদলের কর্মী এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের দুজন কর্মীকে আটক করেছে। তাঁরা হলেন, মিরপুর থানার যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও সদস্য আরিফ হাসান। তাঁরা যাত্রী বেশে উঠে ওই বাসে আগুন ধরিয়ে দেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনে বাসটির সব কটি আসন পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি।এদিকে, আজ সন্ধ্যা সাতটার দিকে বিহঙ্গ পরিবহনের একটি বাসে কিছু উচ্ছৃঙ্খল যুবক আগুন ধরিয়ে দেয়। বাসের কয়েজন যাত্রীর বরাত দিয়ে শাহবাগ থানার পুলিশ জানায়, রাজধানীর গুলিস্তান থেকে প্রায় ৩০ জন যুবক ওই বাসটিতে ওঠে। পরে বাসটি সড়ক ভবনের সামনে পৌঁছলে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় একজন যাত্রী আহত হন। পুলিশ দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে শংকর বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে মিডওয়ে পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জানানো হলেও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বাসটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের পরপরই যাত্রীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও ইকবাল জানান।তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, আজ সন্ধ্যা সাতটার দিকে কে বা কারা ফার্মগেটের খামারবাড়ী সড়কে পুলিশ বক্সের সামনে হানিফ পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের বেশ কিছু অংশ পুড়ে যায়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর নামে একজন পরিবহন লাইনম্যানকে আটক করেছে। পুলিশ অগ্নিসংযোগের প্রকৃত কারণ জানাতে পারেনি।শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, আজ সন্ধ্যা সোয়া সাতটার দিকে অজ্ঞাত কয়েকজন লোক মিরপুর চিড়িয়াখানা সড়কে তানজিন পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। ১৫-২০ মিনিট পর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, রাত সাড়ে সাতটার দিকে মিরপুর ১০ নম্বর শাহআলী প্লাজার সামনে কিছু উচ্ছৃঙ্খল যুবক শিকড় পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এতে বাসের আসনসহ বেশকিছু অংশ পুড়ে যায়। তবে, কেউ হতাহত হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।