রাজধানী ঢাকা থেকে ২০ বছরের অধিক পুরোনো গাড়ির উচ্ছেদ অভিযান সফল হয়নি। আজ সোমবার সংসদের প্রশ্নোত্তরে এ তথ্য জানিয়েছেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।টেবিলে উত্থাপিত নাছিমুল আলম চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, এটা সত্য যে পুরোনো গাড়ি উচ্ছেদ অভিযান সফল হয়নি। ঢাকা শহরে ২০ বছরের বেশি পুরোনো মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরোনো মালবাহী ট্রাক, লরি, পিকআপ চলাচল নিষিদ্ধ করা হয়েছে। ২০১০ সালের ১৫ জুলাই থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরাজীর্ণ গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, ভ্রাম্যমাণ আদালত রাজধানী ঢাকায় এখন পর্যন্ত ১০ হাজার ৪৪৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করে এক কোটি ৬৮ লাখ ৭৩ হাজার টাকা আদায় করেছেন। এ ছাড়া ৪৭০টি গাড়ি আটক করে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।মেহের আফরোজ চুমকির প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ঢাকা-কাঠমান্ডু সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন সরকারের বিবেচনায় রয়েছে। ২০১০ সালের জানুয়ারিতে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত যৌথ ইশতেহারে নেপালকে মংলা ও চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবিত সড়কটি এশিয়ান হাইওয়ের অংশ বিধায় ঢাকা-কাঠমান্ডু সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, ১৯৯৮ সাল থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত বঙ্গবন্ধু সেতু থেকে এক হাজার ৮১৯ কোটি টাকার টোল আদায় হয়েছে।সালমা ইসলামের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ রেলওয়ের আয় ৫৭৫ কোটি ৮১ লাখ ৪১ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় এক হাজার ৩৪০ কোটি ১১ লাখ ৮৭ হাজার টাকা।নুরুল ইসলাম বিএসসির প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে চার লেনে উন্নীত করার জন্য ঠিকাদারকে ২০১০ সালে কার্যাদেশ দেওয়া হয়েছে। ২০১৩ সালের জানুয়ারিতে এই প্রকল্পের কাজ শেষ হবে।জহিরুল হক ভূঁইয়ার প্রশ্নের জবাবে আবুল হোসেন জানান, পুলিশের এফআইআর অনুযায়ী, ২০১০ সালে সড়ক দুর্ঘটনায় দুই হাজার ৬৪৬ জন নিহত হয়েছে।