রাজধানীতে জামায়াতের ২২ কর্মীকে আটকের অভিযোগ
হরতাল চলাকালে মিছিল ও পিকেটিং করার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২২ কর্মীকে আটকের অভিযোগ পাওয়া গেছে। দলের ঢাকা মহানগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ প্রথম আলোর কাছে এ দাবি করেন। সকাল নয়টার দিকে জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদের নেতৃত্বে কমলাপুর থেকে একটি মিছিল বের হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা ওই এলাকা ছাড়ে। শফিকুল ইসলাম মাসুদ জানান, সকাল সাড়ে ছয়টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় জামায়াত মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। এতে চারজন কর্মী আহত হয়। ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করে পুলিশ।সকাল সাড়ে সাতটার দিকে বাড্ডার হোসেন মার্কেট থেকে আরেকটি মিছিল বের করা হলে পুলিশ সেটি ছত্রভঙ্গ করে দেয়। ওই ঘটনায় চারজন আহত হয়। পুলিশ সাতজন আটক করে।এ ছাড়া সকাল আটটার দিকে চানখাঁরপুলে পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ জামায়াতের নয় নেতা-কর্মীকে আটক করে।