রাজধানীতে জামায়াতের বিক্ষোভের চেষ্টা পণ্ড
শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতে ইসলামী আজ বুধবার রাজধানীতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। বিকেলে বিক্ষোভ করার কথা থাকলেও কোথায় তা করা হবে, সে বিষয়ে জামায়াত সাংবাদিকদের কিছুই জানায়নি। পরে তারা বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে মিছিলের চেষ্টা করে। কিন্তু পলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা মিছিল শুরু করতে চাইলে পুলিশ এসে ধাওয়া দেয়। ধাওয়ার মুখে আমি তিনটা কথা বলে মিছিল শেষ করে দিই।’জামায়াত কোথায় বিক্ষোভ করবে, এ বিষযে জানতে সাংবাদিকেরা আজ বিকেল থেকেই ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল হালিম ও নুরুল ইসলামের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করেন। তবে তাঁরা বিক্ষোভের সময় ও স্থান বলেননি। বিকেল পাঁচটার দিকে বড়মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গেলে সেখানকার নিরাপত্তারক্ষী সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেননি। তিনি জানান, সাংবাদিকদের ভেতরে যেতে নিষেধ করা হয়েছে।কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দু-একজন নেতা-কর্মী উপস্থিত থাকলেও কোথায় বিক্ষোভ হবে, সে বিষয়ে তাঁরা কিছুই বলতে পারেননি। জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি তাসনীম আলমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনিও কিছু বলতে পারেননি।পরে বেলা সাড়ে পাঁচটার দিকে মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বিজয়নগর পানির ট্যাংকের মোড় থেকে তাঁরা মিছিল করার চেষ্টা করেছিলেন। কিন্তু পুলিশ ধাওয়া দিলে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তাঁরা সেখান থেকে চলে আসেন।শীর্ষ নেতাদের গ্রেপ্তারের প্রতিক্রিয়ায মুজিবুর রহমান বলেন, ‘তিনজনকে গ্রেপ্তার করলেও আমাদের আন্দোলন থেমে থাকবে না। হাজারো মানুষ এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে।’