রাজধানীতে জোড়া খুন: মেসের বাসিন্দা মিলনকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণি এলাকার এক মেসে জোড়া খুনের ঘটনায় মো. মিলন নামের ওই মেসের এক বাসিন্দাকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে তাঁর কোনো খোঁজ নেই। তাঁকে এ ঘটনায় সন্দেহ করা হচ্ছে। এদিকে খুনের ঘটনায় গতকাল শুক্রবার রাতে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে ওই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে শামীম সরণির চারতলা বাড়ির দ্বিতীয় তলার মেসের বাসিন্দা খায়রুল বাশার (৩০) ও আনহারুল ইসলাম রাজীব (২৭) নামের দুই যুবকের লাশ উদ্ধার করা হয়। তাঁদের মাথায় গুরুতর জখম ছিল। খায়রুল ও আনহারুল ছাড়া ওই মেসে আরও পাঁচজন থাকেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, পাঁচজনের মধ্যে দুজন আগেই গ্রামের বাড়িতে গেছেন। দুজন গতকাল সকালে কর্মস্থলে চলে যান। কিন্তু আরেক বাসিন্দা মিলনের কোনো খোঁজ নেই। মেস থেকে তিনটি কম্পিউটারসহ বেশ কিছু সরঞ্জাম খোয়া গেছে। ওই ঘটনার পর কর্মস্থলে যাওয়া মেসের দুই বাসিন্দা মো. করিম ও মো. ফারুক এবং কাজের বুয়া বকুলকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশের তেজগাঁও অঞ্চলের উপকমিশনার (ডিসি) বিপ্লব কুমার প্রথম আলো ডটকমকে বলেন, ‘ঘটনার পর থেকে মিলনের কোনো খোঁজ নেই। তাঁর মুঠোফোনও বন্ধ। তাঁর সুনির্দিষ্ট কোনো ঠিকানাও পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি সন্দেহের বাইরে নন। আমরা তাঁকে খুঁজছি।’ বিপ্লব বলেন, ‘এ ঘটনায় তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়ে তা একসূত্রে গাঁথার চেষ্টা করছি। তবে তাঁদের আটক করা হয়নি। তাঁরা মামলার আসামিও নন।’ ওই বাড়ির মালিক সাইদুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, ‘মেসের ভাড়া দেওয়া-নেওয়াসহ সবকিছু দেখভাল করতেন নিহত আনহারুল। যতটুকু জানি, মিলন তাঁরই দেশের লোক। তিনি ফার্নিচারের দোকানে চাকরি করতেন। ভালো বেতনও পেতেন।’ আনহারুলের গ্রামের বাড়ি বগুড়ার আদমদীঘি এলাকায় বলে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান তাঁর স্বজনেরা। ময়নাতদন্ত শেষে আনহারুল ও খায়রুলের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আনহারুলের ভাই মো. সজীব সাংবাদিকদের বলেন, আদমদীঘির তালুকদার বাড়িতেই তাঁদের স্থায়ী ঠিকানা। গ্রিন ইউনিভার্সিটি থেকে এমবিএ শেষ করে তেমন কিছুই করতেন না আনহারুল। দুই ভাই, এক বোনের মধ্যে সে দ্বিতীয়। বাবা আবদুল কুদ্দুস। মামলার বাদী খায়রুলের চাচা হাওলাদার আল মামুন প্রথম আলো ডটকমকে বলেন, খায়রুল উত্তরার একটি খাদ্য উত্পাদনকারী প্রতিষ্ঠানের বিক্রয়কর্মী ছিলেন। দুই ভাই, এক বোনের মধ্যে তিনিই বড়। গ্রামের বাড়ি শরীয়তপুর সদরের বুড়িরহাটের দেওভোগ এলাকায়। বাবা মনির উদ্দিন।