রাজধানীতে ঝুলন্ত তার অপসারণের কাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রধান সড়কের ঝুলন্ত তার অপসারণের কার্যক্রম গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রথম দিনে ১৫ শতাংশ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর উপস্থিতিতে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে থেকে তার কাটার কাজ উদ্বোধন করা হয়। ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর প্রধান সড়কগুলোর ঝুলন্ত তার কাটা শেষ হবে। তার কাটা শুরুর আগে গতকাল বেলা ১১টার দিকে ওয়াসা ভবনের সামনে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, সবার প্রচেষ্টায় রাজধানীর প্রধান সড়কের ঝুলন্ত তারগুলো সরিয়ে ফেলা হচ্ছে। এই প্রক্রিয়া ডিজিটাল প্রযুক্তিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তার কেটে ফেলায় অনেক গ্রাহকের সাময়িক অসুবিধার ক্ষেত্রে ধৈর্য ধারণের অনুরোধ করেন তিনি। উপদেষ্টা বলেন, ভবিষ্যতে বৈদ্যুতিক সংযোগও মাটির নিচ দিয়ে নেওয়া হবে।বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক বলেন, ঝুলন্ত তারগুলো মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে। এগুলো সরিয়ে ফেলতে তিনি সবার সহযোগিতা কামনা করেন। বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ বলেন, রাজধানীর প্রধান সড়কের ঝুলন্ত তারগুলো সরিয়ে ফেলা সরকারের প্রত্যাশা ছিল। এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগ উদ্যোগ নেয়। গত এক বছরের প্রচেষ্টায় ঢাকা শহর জঞ্জালমুক্ত হতে যাচ্ছে। বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় এ কাজ করা সম্ভব হচ্ছে। ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান বলেন, পরিচ্ছন্ন নগর গড়তে রাজধানীর প্রধান সড়কের ওপর ঝুলন্ত তারগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। গতকাল কারওয়ান বাজারে ওয়াসা ভবনের সামনে কিছু তার কাটা হয়। আজ সোমবার রাজধানীর শাহবাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কের তার কাটা হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সাধারণ সম্পাদক এম এ হাকিম প্রথম আলোকে বলেন, ‘এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না। ওয়াসা ভবনের সামনে তার কেটে ফেলায় এ পর্যন্ত ১৫ শতাংশ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।’ সিটিসেল ব্যবহারকারী গ্রাহকেরা মুঠোফোনে ওয়াসার বিল দিতে পারতেন। গতকাল এ বৈধ সংযোগটিও কাটা পড়েছে। এ ধরনের আরও অনেক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। বিচ্ছিন্ন সংযোগ কবে সচল হবে? এ প্রশ্নের জবাবে এম এ হাকিম বলেন, ‘অবকাঠামো স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর সময় অনুযায়ী বলা যাবে। তবে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে।’ গতকাল দুপুরের পর থেকে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউসহ বিভিন্ন স্থানে অনেককেই নিজ নিজ উদ্যোগে তার সরিয়ে নিতে দেখা গেছে।রাজধানীর প্রধান সড়কে টানানো তার নামিয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট ইন্টারনেট ও ডিশ-সংযোগ ব্যবসায়ীদের নোটিশ দেয় সরকার। ৫ ডিসেম্বর আন্তমন্ত্রণালয় বৈঠকে ভূগর্ভস্থ বিতরণ অবকাঠামো নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয় সরকার।