রাজধানীতে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রাসেল স্কয়ারে গতকাল শুক্রবার রাতে ট্রাকচাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন এইচ এম কামরুজ্জামান মিরাজ (২৬) ও লিপি আক্তার (২৩)। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ধানমন্ডির একটি রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে কামরুজ্জামান ও লিপি উত্তরায় যাচ্ছিল। রাসেল স্কয়ার মোড়ে গেলে দ্রুতগামী একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ চালকের সহযোগীকে আটক করে। তবে চালক পালিয়ে গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।কামরুজ্জামানের বন্ধু জিয়াউর রহমান বলেন, লিপির বাসা উত্তরায় আর কামরুজ্জামানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়। জিয়াউর বলেন, গতকাল রাতে ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি রেস্টুরেন্টে তাঁর চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে কামরুজ্জামান ও লিপি যান। খাওয়া-দাওয়া শেষে কামরুজ্জামান লিপিকে উত্তরায় বাসায় দিয়ে আসতে যাচ্ছিলেন। ওসি মনিরুজ্জামান বলেন, ট্রাকচাপায় পিষ্ট হয়ে তাঁদের দুজনের চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। এ কারণে তাঁদের পরিচয় পেতে বেগ পেতে হয়েছে। পরে শনাক্ত করার পর তাঁদের পরিবার ও বন্ধু-বান্ধবদের মুঠোফোনে খবর দেওয়া হয়। সূত্র জানায়, লিপির বাবা আনসারুল হক একজন ঠিকাদার। কামরুজ্জামানের বাবার নাম তাৎক্ষণিক জানা যায়নি। থানার ওসি জানান, চালকের সহকারী ও ট্রাকটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।