রাজধানীতে ট্রেনে, বাসে আগুন, বোমা বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াত-শিবিরের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে আজ সোমবার রাজধানী ঢাকায় বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। সকাল থেকে পরিস্থিতি প্রায় স্বাভাবিক থাকলেও বিকেলের দিকে রাজধানীর কমলাপুর স্টেশনে একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। কমলাপুরে ট্রেনে আগুন দেওয়ার সময়ই গুলিস্তানে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর আগে দুপুরে পুরান ঢাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে আহত হন এক যুবক। ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাবতলীর মাজার রোডে এবং প্রায় একই সময়ে মিরপুরের সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে দুটি বাসে আগুন দিয়েছে হরতালের সমর্থকেরা। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন দেওয়ার আগেই বাসের যাত্রীরা নেমে যায়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কমলাপুরে ট্রেনে আগুন, পুড়ে গেছে বগি
কমলাপুর রেলস্টেশনে উপকূল এক্সপ্রেস ট্রেনে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার বিকেলে ঢাকা-নোয়াখালী পথে চলাচলকারী এই ট্রেনে আগুন লাগানো হয়। এতে ট্রেনের দুটি বগি পুড়ে গেছে। প্রায় আধা ঘণ্টা পর বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয়।রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) সোহরাব হোসেন প্রথম আলো ডটকমকে জানান, বিকেল চারটার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে এসে দাঁড়ায়। যাত্রীরা নামার কিছুক্ষণের মধ্যে কে বা কারা ট্রেনে আগুন লাগিয়ে দেয়। রেলওয়ের নিজস্ব কর্মী ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। আগুনে ওই ট্রেনের দুটি বগি ক্ষতিগ্রস্ত হয়।সোহরাব হোসেন আরও জানান, ওই ট্রেনে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল। কেউ হয়তো যাত্রীবেশে এ ঘটনা ঘটিয়েছে।ঢাকার বিমানবন্দর রেলস্টেশন থেকে ওঠা ওই ট্রেনের যাত্রী রাশেদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘চারটার দিকে ট্রেনটি কমলাপুর স্টেশনে এসে দাঁড়ায়। আমরা নামতে নামতে দেখি ট্রেনে আগুন ধরে গেছে। বিমানবন্দর স্টেশন থেকে ওঠার সময় আমাদের তল্লাশি করা হয়েছে। তার পরও কেন এমন ঘটনা ঘটল, আমরা বুঝতে পারছি না।’ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী মুজিবুল হক কমলাপুর রেলস্টেশনে যান। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সারা দেশে জামায়াত-শিবির যে তাণ্ডব চালাচ্ছে, এটা তারই অংশ।কমলাপুর রেলস্টেশন ব্যবস্থাপক মো. খায়রুল বশির প্রথম আলো ডটকমকে জানান, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এতে ট্রেন চলাচলেও কোনো বিঘ্ন ঘটবে না। তবে ক্ষতিগ্রস্ত ট্রেনটি একটু বিলম্বে নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাবে।এর আগে গত শনিবার রাতে রাজশাহী রেলস্টেশনে দাঁড়ানো অবস্থায় ঢাকা থেকে যাওয়া সিল্ক সিটি ট্রেনে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে ওই ট্রেনের তিনটি বগি পুড়ে যায়।
মিরপুর ও গাবতলীতে বাসে আগুন
সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গাবতলীর মাজার রোডে ৮ নম্বর রুটের একটি বাসে আগুন ধরিয়ে দেয় হরতালের সমর্থকেরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন দেওয়ার আগেই বাসের যাত্রীরা নেমে যায়। স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। প্রায় একই সময়ে মিরপুরের সাড়ে ১১ নম্বর বাসস্ট্যান্ডে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয় হরতালের সমর্থকেরা। বাসটির নম্বর ঢাকা মেট্রো জ ১১-১৭৫৯। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গুলিস্তানে হাতবোমার বিস্ফোরণ
গুলিস্তানে রমনা ভবনের সামনে আজ সোমবার বিকেল চারটার দিকে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থলে দায়িত্বরত এক পুলিশ সদস্য জানান, বিস্ফোরণটি ছিল হাতবোমার।
পুরান ঢাকায় বোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ১
রাজধানীর নয়াবাজারের ফ্রেঞ্চ রোডের একটি বাড়িতে আজ সোমবার বোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম মোশাররফ হোসেন (২৬)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে নয়াবাজারের ১৪ নম্বর ফ্রেঞ্চ রোডের একটি বাড়ির দোতলার একটি ঘরে বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেখানে গিয়ে আহত যুবককে দেখা যায়। মোশাররফ ওই এলাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন বলে জানা যায়।বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কুদ্দুস বলেন, আগামীকাল মঙ্গলবারের হরতাল সামনে রেখে চার-পাঁচজন যুবক ওই বাড়িতে বোমা তৈরি করছিলেন। আজ ভোর সাড়ে ছয়টার দিকে বাংলাবাজার লালকুঠি এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যায় শাখা ছাত্রশিবিরের ১৪-১৫ জন কর্মী কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান। একপর্যায়ে তাঁরা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। শিবিরকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কয়েকটি রাবার বুলেট ছোড়ে।সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পিকেটারদের ছত্রভঙ্গ করতে পুলিশ চার-পাঁচটি রাবার বুলেট ছুড়েছে। এ ঘটনায় দুই শিবিরকর্মীকে আটক করা হয়েছে।