রাজধানীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
রাজধানীর খিলাগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্র মারা গেছে। তার নাম মাহবুব হোসেন চৌধুরী (১৫)। সে খিলগাঁও মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আজ রোববার সকাল ১০টার দিকে খিলাগাঁওয়ে খিদমাহ হাসপাতালের উল্টো দিকে গুলবাগ এলাকার রেললাইনে এ ঘটনা ঘটে।মাহবুবের বাবার নাম মোতাহার চৌধুরী। তিনি পেশায় ব্যবসায়ী। চার বোন ও দুই ভাইয়ের মধ্যে মাহবুব সবার ছোট। খিলগাঁও তিলপাপাড়ার ৬ নম্বর রোডের ২৫১/১ নম্বর বাসায় তারা থাকে। মাহবুবের সহপাঠী আল আমিন প্রথম আলো ডটকমকে জানায়, সকাল নয়টার দিকে মাহবুব স্কুলে আসে। তবে তার পরনে স্কুলের পোশাক ছিল না। কিছুক্ষণ পর সে স্কুল থেকে বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরেই স্কুলের পাশে রেললাইনে এই দুর্ঘটনার খবর পেয়ে আল আমিন ও তার আরেক সহপাঠী সেখানে ছুটে যায়। সেখানে গিয়ে তারা স্থানীয় লোকজনের সহায়তায় মাহবুবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বেলা সাড়ে ১১টায় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সকেরা মাহবুবকে মৃত ঘোষণা করেন। মাহবুবের প্যান্টের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে জানিয়ে আল আমিন বলে, মাহবুবের বাবার নাম তার জানা নেই। তবে মাহবুবের পকেটে একটি চিরকুট পওয়া গেছে দাবি করে আল আমিন জানায়, তাতে লেখা, ‘আমার নাম মাহবুব হোসেন চৌধুরী। আমার চারপাশের কেউ আমার মৃত্যুর জন্য দায়ী না। আমি সুস্থ মস্তিষ্কে আত্মহত্যা করেছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, কেউ দায়ী না।’বেলা একটায় মাহবুবের মা মাহমুদা বেগমকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজের মর্গে আসেন খিলগাঁও স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আবদুল খালেক। ছেলের অসুস্থতার কথা বলে মাহবুবের মাকে হাসপাতালে আনা হয়েছে জানিয়ে আবদুল খালেক প্রথম আলো ডটকমকে বলেন, ‘বিস্তারিত ঘটনা এখনো জানতে পারিনি। আমি স্কুলে এসে মাহবুবের মৃত্যুর খবর পেয়েছি। তার বাবাকে ঢাকা মেডিকেলে আসার জন্য খবর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।’ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছে।