রাজধানীতে ট্রেনে কাটা পড়ে শেয়ার ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মালিবাগ রেলক্রসিংয়ে আজ বুধবার সন্ধ্যায় নবীউল্লাহ (৩৫) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি শেয়ার ব্যবসায়ী ছিলেন। ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) সূত্র জানায়, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মালিবাগ রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনে কাটা পড়েন শেয়ার ব্যবসায়ী নবীউল্লাহ। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। স্থানীয় একটি সূত্র জানায়, নবীউল্লাহ ঋণগ্রস্ত ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে যোগাযোগ করা হলে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ প্রথম আলো ডটকমকে বলেন, গাজীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুরে যাওয়ার পথে নবীউল্লাহ কাটা পড়েন। ঘটনাটি দুর্ঘটনা না আত্মহত্যা তা তদন্ত করে ও পরিবারের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যাবে। নবীউল্লাহ সপরিবারে খিলগাঁও থানার বনশ্রী এফ ব্লকের ৪ নম্বর সড়কের ১৮ নম্বর বাড়ির চতুর্থ তলায় থাকতেন। তাঁর বাবার নাম রশীদ।